আলতাফ আলী হাসু স্মৃতি পদক প্রদান
‘ও সখিনা গেছস কি না ভুইলা আমারে’ গানের রচয়িতা আলতাফ আলী হাসু স্মৃতিপদক প্রদান উপলক্ষে গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে ঋষিজ শিল্পীগোষ্ঠী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা, লেখক ও আইনজীবী আলতাফ আলী হাসু ছিলেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সংগঠনটি প্রতিবছর তাঁর স্মরণে একজন বিশিষ্ট ব্যক্তিকে পদক দিয়ে থাকে। এবার পদক পান রাজনীতিক ও লেখক নূহ-উল-আলম লেনিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, পদকপ্রাপ্ত নূহ-উল-আলম লেনিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ছড়াকার লুৎফর রহমান রিটন ও আলতাফ আলী হাসুর স্ত্রী মিনারা বেগম।
আলোচনা সভার পর ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।