শহীদ আলতাফ মাহমুদকে যে রাতে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেল, সে রাতে তারা তাঁর চার শ্যালককেও নিয়ে যায়। তাঁদের একজন সংগীতশিল্পী লীনু বিল্লাহ। তাঁর কাছে সেই গল্প শুনেছেন কবির বকুল।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। ঢাকায় গোপনে মুক্তিযোদ্ধারা সংগঠিত হচ্ছে। আলতাফ ভাই তখন মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে লাগলেন। অনেকেই তখন আলতাফ ভাইকে বললেন, আপনি আমাদের সঙ্গে ওই পারে চলেন। তিনি বললেন, ‘না, আমি যাব না। আমরা চলে গেলে ঢাকা খালি হয়ে যাবে। আমাদেরও তো কিছু দায়িত্ব আছে’। যুদ্ধের জন্য মুক্তিবাহিনীর প্রয়োজনীয় যে রসদ, সেগুলো আলতাফ ভাই আমাদের ৩৭০, আউটার সার্কুলার রোডের বাড়িতে রাখার দায়িত্ব নিলেন। এই বাড়িতে আমরা সবাই একসাথে থাকতাম। আমরা পাঁচ ভাই, তিন বোন। নুহেল আলম বিল্লাহ (মারা গেছেন), ফখরুল আলম বিল্লাহ, খায়রুল আলম বিল্লাহ, নফল আলম বিল্লাহ, মঞ্জুরুল আলম বিল্লাহ, সারা আরা বিল্লাহ, শিমুল বিল্লাহ ও মিনু বিল্লাহ। এর মধ্যে জুন মাসে ফখরুল ভাই মিনুকে নিয়ে ভারতের মেলাঘরে চলে যান। আলতাফ ভাই সারা আপাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন।
৬ জুন, ১৯৭১। রাত একটার দিকে মুক্তিযোদ্ধা সামাদ, গাজী দস্তগীর এক্সপ্লোসিভ, গোলাবারুদ বোঝাই বিরাট একটা ট্রাংক নিয়ে আমাদের বাড়িতে হাজির। মূলত, সেক্টর টু ক্র্যাক প্লাটুনের অস্ত্রভান্ডার ছিল আমাদের বাড়িটা। প্রায় প্রতিদিনই আলতাফ ভাইয়ের কাছে মুক্তিযোদ্ধারা আসেন—মায়া, আলম, দস্তগীর, বদি, বাকের, জুয়েল, শাহাদত চৌধুরী, ফতেহ আলী, মোরশেদসহ আরও অনেকে। কখনো অস্ত্র নিয়ে যান। কখনো বসে যুদ্ধের বিভিন্ন পরিকল্পনা করেন। এই খবর চলে যায় পাকিস্তানি সেনাদের কাছে।
৩০ আগস্ট, ১৯৭১, ভোর পাঁচটায় পাকিস্তানি সেনারা আমাদের বাড়ি ঘেরাও করে। ওরা ঘরে ঢুকেই জানতে চায়, ‘আলতাফ মাহমুদ কৌন হ্যায়’। আলতাফ ভাইকে খুঁজে বের করার পর থেকেই তাঁকে মারতে শুরু করে। প্রচণ্ড মারধরে তাঁর নাক-মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। ধরা পড়ল আগের রাতে আমাদের বাড়িতে আশ্রয় নেওয়া আলভি। পাশের বাড়ির নাসির ভাই, রসুল ভাই। আমরা চার ভাইও পাকিস্তানি সেনাদের হাত থেকে রেহাই পেলাম না। ওই রাতে আমাদের ১৭ জনকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেল এমপি হোস্টেলে, ড্রাম ফ্যাক্টরির টর্চার সেলে। রাখা হলো ছোট্ট একটা রান্নাঘরে। আরও অনেককে সেখানে ধরে নিয়ে আসা হলো। এরপর শুরু হলো টর্চার। প্রচণ্ড মারধর করল সবাইকে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠের গোঙানি শুনলাম। উদুর্তে বলছে ‘মুঝে মাত মার, হামকো গোলি মার দো’। প্রচণ্ড আঘাতে তার চোখ বেরিয়ে গেছে। চিনতে পারলাম, হাফিজ ভাই, আলতাফ ভাইয়ের সহকারী। ভালো গিটার বাজান। পাকিস্তানি সেনারা চোখের সামনেই তার মাকে মেরে ফেলেছিল। এ কারণে সে মুক্তিবাহিনীতে যোগ দেয়। কিন্তু কিছুদিন পর অস্ত্রসহ ধরা পড়ে। সেই রাতেই বদি, বাকের, জুয়েল; একটু পর রুমী, জামি এবং তাদের বাবা সাইফ ইমামকেও ধরে আনা হয়।
সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড টর্চার করে আমাদের। কিন্তু আমাদের কাছ থেকে কোনো তথ্য তারা নিতে পারল না। ওই সময় আলী আহসান মো. মুজাহিদ, মতিউর রহমান নিজামীসহ ইসলামী ছাত্র সংঘের চার যুবক ওখানে আসে। তারা জানতে চায়, আলতাফ ভাই কে? আর কাকে কাকে এখানে ধরে আনা হয়েছে। আমার সেজো ভাই ওদের চিনে ফেলল।
রাত ১০টায় আমাদের সবাইকে নিয়ে আসা হয় রমনা থানার সেলে। এখানে আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকে পেলাম। ওরা আমাদের কাছে জানতে চায়, আমরা কিছু স্বীকার করেছি কি না। বললাম, না। তাঁরা বললেন, মরে গেলেও কোনো কিছু স্বীকার করবেন না। আরও বললেন, যখন খুব মারতে যাবে, তখন অজ্ঞান হয়ে যাওয়ার ভান করবেন। আলতাফ ভাই একটু দূরে ছিলেন। তিনি এটাকে খুব আমলে নিলেন না। সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন, তিনি রেহাই পাবেন না। ৩১ আগস্ট আমাদের আবার এমপি হোস্টেল টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। আবার মারধর। রাতে ভাঙা একটা গাড়িতে আমাদের আবার রমনা থানায় আনা হয়। আমার সঙ্গে তখন রুমী ছিল।
১ সেপ্টেম্বর, চূড়ান্ত এজলাসের দিন। ওই সময় রাও ফরমান আলী সরকার একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে। এজলাসের সময় আমি পাকিস্তানি একজন ক্যাপ্টেনকে চিনে ফেলি। যাকে আমি পূর্ব পাকিস্তান টেলিভিশনে দেখেছিলাম। আমি ভাঙা ভাঙা উর্দুতে তাকে বলি, ‘ভাই, হাম আপকো পেহেচানা’। সে তখন বলল, ‘ক্যায়সে ক্যায়সে’। বললাম, ‘হাম ফানকার হ্যায়।’ বললেন, ‘ক্যায়া ফানকারি কারতে হো।’ বললাম, ‘হাম গানা গাতি হু, তাবলা ভি বাজাতা হু।’ ক্যাপ্টেন তাঁর কর্নেলের দিকে একবার তাকালেন। কর্নেল একটা মাথা ঝাঁকালেন। ক্যাপ্টেন পা দিয়ে তাঁর সামনে থাকা একটা টেবিল আমার দিকে ঠেলে দিয়ে বললেন, ‘গানা গাও, সাথ মে তাবলা বাজাও।’ আমি টেবিলে তবলা বাজিয়ে মেহেদী হাসানের ‘এক নয়ি মোড় পে লে আয়ি হ্যায়’ গানটি গাইলাম। গান শুনে ক্যাপ্টেন ও কর্নেল দুজনই খুশি। বললেন, ‘আচ্ছাহি ফানকারি কারতি হো তুম।’ তারপর বললেন, ‘কৌন কৌন হ্যায় তোমহারা সাথ।’ আমার বাকি তিন ভাইয়ের কথা, আলভির কথা এবং আলতাফ ভাইয়ের কথা বললাম। কিন্তু কর্নেল বললেন, ‘উছকো বাত ছোড়ো। উছকো বাদ মে ছোড়ুঙ্গা।’ তিনি পকেট থেকে কী যেন একটা বের করে ছুঁয়ে বলতে বললেন, মুক্তিবাহিনী কোথায় আছে, খবর পেলে তাদের জানাতে হবে।
জান বাঁচানোই তখন প্রধান। কথামতো সবাই ওয়াদা করলাম। কর্নেল বললেন, ‘ইন লোগো কো ছোড় দো।’ চারজন বেলুচ সৈন্য অস্ত্র তাক করা। আমাদের বের করে নিয়ে এল। তখন আমরা আলতাফ ভাইয়ের কাছে গেলাম। বললাম, আমাদের তো ছেড়ে দিয়েছে। তিনি শুধু একটি কথাই বললেন, ‘তোমরা শাওনকে দেখে রেখো।’
ওটাই ছিল আলতাফ ভাইয়ের সঙ্গে আমাদের শেষ দেখা, শেষ কথা। এরপর আলতাফ ভাইকে আমরা আর খুঁজে পাইনি।