‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সুরস্রষ্টা হিসেবেই আজীবন বাঙালির মনে টিকে থাকবেন শহীদ আলতাফ মাহমুদ। গানটির প্রথম সুর করেছিলেন আরেক বিশিষ্টজন আবদুল লতিফ। পরে আলতাফ মাহমুদের সুরটিই কালজয়ী হয়। ১৯৭১ সালের ৩০ আগস্ট আলতাফ মাহমুদকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী।১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশাল জেলার মুলাদি থানার পাতারচর গ্রামের ফকিরবাড়ীতে শহীদ আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন। বাবা নাজেম উদ্দিন ছিলেন প্রথমদিকে একজন পেশকার। এরপর তিনি জেলা বোর্ডের সেক্রেটারি ছিলেন। আলতাফ মাহমুদকে সবাই ঝিলু নামেই ডাকতেন। শৈশব থেকেই ছিলেন চঞ্চল স্বভাবের। ছবি আঁকা ও গুনগুন করে গান গাওয়া ছিল তাঁর অভ্যাস। কণ্ঠ ছিল বেশ সুরেলা। বাড়ির পাশে শান বাঁধানো বেঞ্চে বসে রাতের বেলায় খেমচাঁদ, সায়গল, নওশাদ, রাঁইনাদ বড়াল, শঙ্কর জয়কিশান, কানাকেষ্ট, জ্ঞান গোসাই, কে মল্লিক, কমলা ঝরিয়ার মতো শিল্পী ও সুরকারের গান গাইতেন সুর করে। ফকিরবাড়ির কেউ তেমন সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন না। লেখাপড়ায় মনোযোগী না হলেও ঝিলু ছিলেন মেধাবী ও বুদ্ধিমান। বরিশাল জিলা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হতো, সেখানেই ঝিলুকে পাওয়া যেত। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার দিনটিতে বরিশাল শহরে বেশির ভাগ তোরণ নির্মাণের শিল্পনির্দেশক ছিলেন তিনি। ১৩ আগস্ট রাত ১২টা এক মিনিটে ‘তরুণ মাহফিলের’ পক্ষ থেকে স্বাধীনতা বরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম গানের কণ্ঠশিল্পী ছিলেন আলতাফ মাহমুদ।১৯৪৮ সালে আলতাফ মাহমুদ কলকাতা বোর্ডের অধীনে ম্যাট্রিক পাস করেন। ব্রজমোহন কলেজে ভর্তি হন। সেখানে বেশি দিন লেখাপড়া করা হয়নি। কলকাতা আর্ট কলেজে কিছুদিন লেখাপড়া করেন। ১৯৪৫-৪৬ সালে তরুণ মাহফিল সংগঠনের একজন কর্মী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৫০ সালে ধূমকেতু শিল্পী সংঘের পরিচালক ছিলেন সংগীত পরিচালক, নৃত্য পরিচালক নিজামুল হক। ১৯৫০ সালে নিজামুল হকের কাছে এলে তিনি তাঁকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন এবং নিজের সংগঠনের সদস্য করে নেন। ঢাকায় আসার সময় আলতাফ মাহমুদের বেহালার বাক্স ও মায়ের হাতে বানানো কাঁথাখানা ছিল সম্বল। সেন্ট্রাল রোডে একটি ভাড়াবাসায় থাকতেন সবাই। সঙ্গী হিসেবে পেলেন মুনিম, জাহান আরা লাইজু ও শাহাদাতকে। ধূমকেতু শিল্পী সংঘের একজন বেহালাবাদক হিসেবে এসে অল্পদিনের মধ্যে প্রতিভা, অবিস্মরণীয় কল্পনাশক্তি, সংগীতের প্রতি একাগ্রতায় স্থান করে নিলেন সংগঠনের সংগীত পরিচালক হিসেবে। এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে তিনি যোগ দিতেন। এরপর নিজামুল হক তাঁর বড় ভাই গাজীউল হকের কাছে ঢাকা হলে নিয়ে যান। কার্জন হলে কিছুদিন পর একটি গানের অনুষ্ঠানে যোগ দেন। তারপর থেকে আলতাফ মাহমুদের নাম ছড়িয়ে পড়ে চতুর্দিকে। যেখানেই অনুষ্ঠান হতো, সেখানেই আলতাফ মাহমুদকে পাওয়া যেত। আলতাফ মাহমুদ পাকিস্তান যুবলীগ সংগঠনের একজন সদস্য ছিলেন। যুবলীগের সাংস্কৃতিক ফ্রন্টের অন্যতম ব্যক্তিও ছিলেন তিনি।১৯৫৫ সালের দিকে সংগীত পরিচালক দেবু ভট্টাচার্য ছিলেন চলচ্চিত্র সংগীতের উজ্জ্বল নক্ষত্র। আলতাফ মাহমুদের চলচ্চিত্র সংগীতের শিক্ষাগুরু ছিলেন দেবু ভট্টাচার্য। ১৯৫৫-৫৬ সালে আলতাফ মাহমুদ করাচি যান। সেখানে তিনি দেবু ভট্টাচার্যের বাসায় থাকতেন। একই বাসায় থাকতেন উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিচালক ওস্তাদ তিমির বরণ। সেখানে দীর্ঘদিন আলতাফ মাহমুদ দেবু ভট্টাচার্যের সহযোগিতায় করাচির সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন। আলতাফ মাহমুদ করাচি রেডিও ও চলচ্চিত্রের বেশ কিছু গান করেন। প্রথমে তিনি সহযোগী হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে এককভাবে অনেক গানের সংগীত পরিচালনা করেন। এদিকে পূর্ব পাকিস্তানে আবদুল জব্বার খানের পরিচালনায় প্রথম মুখ ও মুখোশ বাংলা চলচ্চিত্র মুক্তি পায়। ঢাকায় ছবি নির্মাণ শুরু হলে আলতাফ মাহমুদের ব্যস্ততা বেড়ে যায় ঢাকার চলচ্চিত্রে। ১৯৬৩ সালে আলতাফ মাহমুদ বেবী ইসলাম পরিচালিত তানহা ছবিতে প্রথম সংগীত পরিচালনা করেন। এরপর ১৯৭০ সাল পর্যন্ত তিনি ২৩টি ছবির সংগীত পরিচালনা করেন। সুরকার ও সংগীত পরিচালক শহীদ আলতাফ মাহমুদ ছিলেন রাজনৈতিকসচেতন ও দেশপ্রেমিক শিল্পী। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। স্বাধীনতা আন্দোলনে তাঁর ছিল বলিষ্ঠ ভূমিকা। গেরিলাদের আশ্রয় দেওয়ার কারণে পাকিস্তান হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে ১৯৭১ সালের ৩০ আগস্ট ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি। এ দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয়। একুশে পদকসহ বিভিন্ন সংস্থা থেকে শহীদ আলতাফ মাহমুদ বেশ কিছু পুরস্কার অর্জন করেন। আমাদের চলচ্চিত্রের সংগীতে অসামান্য অবদান রেখে গেছেন এই মুক্তিযোদ্ধা, সুরকার, শিল্পী শহীদ আলতাফ মাহমুদ।আলতাফ মাহমুদ সুরারোপিত চলচ্চিত্র তানহা (উর্দু) (২৯.০৫.১৯৬৪) কার বউ (১৮.০২.১৯৬৬) বেহুলা (৩০.০৯.১৯৬৬) আপন দুলাল (১১.১১.১৯৬৬) আগুন নিয়ে খেলা (২৪.০৬.১৯৬৭) আনোয়ারা (১৪.০৭.১৯৬৭) নয়ন তারা (২৭.১০.১৯৬৭) জুলেখা (১০.১১.১৯৬৭) দুই ভাই (০২.০১.১৯৬৮) সংসার (০৮.০৩.১৯৬৮) সখিনা (০৩.০৫.১৯৬৮) সুয়োরানী দুয়োরানী (০৮.০৮.১৯৬৮) কুচবরন কন্যা (০৪.১০.১৯৬৮) সপ্তডিঙ্গা (১১.১০.১৯৬৮) মিশর কুমারী (১৬.০১.১৯৭০) ক খ গ ঘ ঙ (১৩.০২.১৯৭০) আঁকাবাঁকা (২৭.০৩.১৯৭০) টাকা আনা পাই (১৬.১০.১৯৭০) বড় বউ (২৫.১১.১৯৭০) অবুঝ মন (০৮.১১.১৯৭২) সোনালী আকাশ (০১.১১.১৯৮৫)