
পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল ১৯৭১ সালের ৩০ আগস্ট। পরে আর ফেরেননি সংগীতজ্ঞ আলতাফ মাহমুদ। গতকাল ছিল একুশের গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস। গান, কবিতা, স্মৃতিকথা ও পদক প্রদানের মাধ্যমে স্মরণ করা হলো তাঁকে। এবার শহীদ আলতাফ মাহমুদ পদক পেয়েছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
শিমূল ইউসুফের ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুস্তাফা মনোয়ার ও মো. শাহনেওয়াজকে উত্তরীয় পরিয়ে দেন শহীদজায়া সারা আরা মাহমুদ এবং ক্রেস্ট তুলে দেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান ও হাবিবুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহীদ আলতাফ মাহমুদ এক মহাপ্রাণ শিল্পী। তিনি বাঙালি জাতি ও ভাষার একান্ত সত্তার সঙ্গে জড়িয়ে আছেন। তাঁর সুরে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি চলে যাননি। প্রতিদিনই নতুন রূপে নতুন করে ফিরে আসছেন।’ অনুষ্ঠানে আবৃত্তি করেন হাসান আরিফ। পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।