পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল ১৯৭১ সালের ৩০ আগস্ট। পরে আর ফেরেননি সংগীতজ্ঞ আলতাফ মাহমুদ। গতকাল ছিল একুশের গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস। গান, কবিতা, স্মৃতিকথা ও পদক প্রদানের মাধ্যমে স্মরণ করা হলো তাঁকে। এবার শহীদ আলতাফ মাহমুদ পদক পেয়েছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।শিমূল ইউসুফের ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুস্তাফা মনোয়ার ও মো. শাহনেওয়াজকে উত্তরীয় পরিয়ে দেন শহীদজায়া সারা আরা মাহমুদ এবং ক্রেস্ট তুলে দেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান ও হাবিবুল আলম।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহীদ আলতাফ মাহমুদ এক মহাপ্রাণ শিল্পী। তিনি বাঙালি জাতি ও ভাষার একান্ত সত্তার সঙ্গে জড়িয়ে আছেন। তাঁর সুরে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি চলে যাননি। প্রতিদিনই নতুন রূপে নতুন করে ফিরে আসছেন।’ অনুষ্ঠানে আবৃত্তি করেন হাসান আরিফ। পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।ক্রান্তির প্রতিষ্ঠাবার্ষিকী‘সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার’ স্লোগান নিয়ে ১৯৬৭ সালে যাত্রা করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। সংগঠনটি পদার্পণ করল প্রতিষ্ঠার ৪৬ বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্রান্তি পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পদক পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল গান ও নৃত্য। আয়োজনটি উৎসর্গ করা হয় ক্রান্তির নবযাত্রার কর্ণধার ও প্রয়াত সভাপতি গণসংগীতশিল্পী মাহবুবুল হায়দার মোহনকে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিলুফার জাহান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর। ‘মরণ সাগর দেবো রে’ গানটির সমবেত পরিবেশনা দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। উদীচীর রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্যাপনআলোচনা, গান, কবিতা আর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্যাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরের মুক্ত বেদিতে (টাউন হল) উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কাজী মদিনা ও অধ্যাপক এ এন রাশেদা। সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ শীশ। দ্বিতীয় পর্বে ছিল গীতি-আলেখ্য ‘হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা’ শীর্ষক গীতি-আলেখ্য।