
ভাদ্রের গরমে সিরাজুল ইসলাম চৌধুরীকে কিঞ্চিৎ বিধ্বস্ত দেখাচ্ছিল। এ বছর শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন তিনি। এগিয়ে গিয়ে জানা গেল, পদক পেয়ে খানিকটা বেদনা ও অপরাধবোধেও আক্রান্ত তিনি। একাত্তরের ঘাতকদের তালিকায় সেদিন তাঁর নামটিও ছিল। এক রকম দৈবক্রমেই বেঁচে গেছেন।
গতকাল মঙ্গলবার ছিল শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস। প্রতিবছরের এই দিনে সুরস্রষ্টা আলতাফ মাহমুদের নামে একজন গুণীজনকে পদক দিয়ে আসছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উঠোন মঞ্চে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, আলতাফ মাহমুদের মতো অসংখ্য মানুষ প্রতিনিয়ত গুম হচ্ছেন। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে সজাগ হতে হবে।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সব সম্মাননাই গৌরব ও আনন্দ বয়ে আনে। এই সম্মাননা খানিকটা বেদনাও এনে দিল। কারণ, যে সমাজের স্বপ্ন নিয়ে সংগ্রাম করতে গিয়ে আলতাফ মাহমুদসহ আরও অনেক শহীদ জীবন দিয়ে গেছেন, সেই সমাজ আজও প্রতিষ্ঠিত হয়নি।’
শিল্পকলায়লালনউৎসবশুরু