আলভীর নাচ
লাক্স তারকা আলভী ছোটবেলা থেকেই নাচেন। মা কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর নৃত্যকলা বিভাগের শিক্ষক আশরাফুন নাহার। মায়ের কাছেই আলভীর নাচের হাতেখড়ি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর নিয়মিত অভিনয় করে যাচ্ছিলেন তিনি। এবারই প্রথম কোনো নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটি তৈরি করছে বাংলাভিশন। নাম ‘হে পার্থসারথী’। এরই মধ্যে আলভী তাঁর নাচের শুটিং শেষ করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন ইভান শাহরিয়ার।ইভান শাহরিয়ারের নৃত্য পরিচালনায় নাচের দৃশ্যের শুটিং হয়েছে গুলশান লেডিস পার্ক, রমনাসহ বিভিন্ন মনোরম লোকেশনে। নাচের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে আলভী জানান, আমি ছোটবেলা থেকেই নাচের সঙ্গে জড়িত। কিন্তু কখনোই টেলিভিশনে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। তবে বিভিন্ন সময় মঞ্চে নাচে অংশ নিয়েছি। এবারই প্রথম টেলিভিশনের জন্য নৃত্যানুষ্ঠানে অংশ নিলাম। খুবই ভালো লাগছে নাচের একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। ‘হে পার্থ সারথী’ শিরোনামের এই নৃত্যানুষ্ঠানে আরও নাচবেন বন্যা মির্জা, ঈশিতা ও সোহানা সাবা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৫ মে সন্ধ্যায়।