
নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পরে শুরু হলো অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আলমগীর কবির ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং একাডেমীর সহযোগিতায় গতকাল থেকে শুরু হয়েছে ‘আলমগীর কবির চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন আলমগীর কবির ফিল্ম সোসাইটির সভাপতি বেগম মমতাজ হোসেন। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নির্মাতা মোরশেদুল ইসলাম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও অধ্যাপক রওশন আরা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আলমগীর কবির আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্রকার, এই কথাটিও বললে তাঁর সম্পর্কে কম বলা হয়। আসলে আমরা সুস্থ চলচ্চিত্র বলতে যেটুকু বুঝি, সবটুকুই তিনি শুরু করেছিলেন। চলচ্চিত্র আন্দোলনের পুরো ভিত্তিটাও তাঁর শুরু করা।’
অনুষ্ঠানে আলমগীর কবির প্রদত্ত সিকোয়েন্স অ্যাওয়ার্ড পান অভিনেতা রাজ্জাক, সিরাজউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ, প্রয়াত খালেদা ফাহমি, লিয়াকত আলী, উপস্থাপক হানিফ সংকেত, প্রযোজক লায়লা হক, অভিনেতা তারিন ও মীর সাব্বির।
উৎসবে আলমগীর কবিরকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রতিকূলের যাত্রী প্রদর্শনের পাশাপাশি তাঁর নির্মিত দুটি চলচ্চিত্র প্রদর্শন করার কথা রয়েছে। এ ছাড়া বাছাই করা ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে গতকাল প্রদর্শিত হয়েছে সাতটি এবং আজ প্রদর্শিত হবে আটটি।
তরুণ নির্মাতাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র থেকে সেরা চলচ্চিত্র (দংশন—নাদের সালাম), শ্রেষ্ঠ পরিচালক (মাহবুবুল আলম সাইফ—আহ্বান) ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (আমিনুর লিটন—আরশি)কে পুরস্কৃত করা হয়।