আলমগীর-রুনার চমক

সে এক ঝলমলে তারকা মেলা। ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী শবনম থেকে শুরু করে নব্বইয়ের দশকের দর্শকনন্দিত পূর্ণিমা পর্যন্ত একঝাঁক প্রিয়মুখ হাজির। গত শুক্রবার রাতে তারকাদের এই মিলনমেলা ছিল রুনা লায়লা ও আলমগীর দম্পতির বাড়িতে। চিত্রনায়ক ফারুকের জন্মদিন উপলক্ষে এ আয়োজন। ঢাকার আসাদ অ্যাভিনিউয়ের ওই বাড়িতে আয়োজিত এই সারপ্রাইজ পার্টি অতিথিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

রুনা লায়লা বলেন, ‘নতুন বাড়িতে ওঠার পর থেকে আমরা দুজনেই ভাবছিলাম, আমাদের কিছু বন্ধুকে বাসায় ডাকব। আড্ডা হবে, খাওয়াদাওয়াও হবে। কাকতালীয়ভাবে কাছাকাছি সময়ে ফারুক সাহেবের জন্মদিনটা পড়ে যায়। আলমগীর সাহেব বলল, ফারুক ভাই তো জন্মদিন খুব একটা পালন করেন না। আমরা একটা সারপ্রাইজ পার্টিও দিয়ে দিতে পারি। তাঁকে চমক দেওয়ার জন্য কেকও অর্ডার করি। কোনো কিছুই তিনি জানতেন না। তবে পুরো আয়োজনে তিনি সত্যিই চমকে গেছেন।’

প্রথম আলোর সঙ্গে গতকাল শনিবার বিকেলে কথা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ব্যস্ততার কারণে অনেক দিন আমাদের অনেকের সঙ্গে কোনো দেখা-সাক্ষাৎ হয়নি। দারুণ একটা গেট-টুগেদার হয়ে গেল! পুরোনো বন্ধুদের সঙ্গে অসাধারণ কিছু সময় কেটেছে। মনে রাখার মতো একটা সন্ধ্যা। আমরা সবাই খুব উপভোগ করেছি।’

আলমগীর ও রানা লায়লার বাড়িতে এমন ‘সারপ্রাইজ পার্টিতে’ মুগ্ধ ফারুক বলেন, ‘আমি কিছুই জানতাম না। আমাকে আলমগীর শুধু বলেছিল, বাসায় একটা গেট-টুগেদার করছি।

ভাবিসহ আপনাকে থাকতেই হবে। আমিও ভাবলাম, অনেক দিন দেখা হয় না অনেকের সঙ্গে। এই সুযোগে সবার সঙ্গে দেখাটাও হবে। বাসায় গিয়ে আমি তো সারপ্রাইজ।

আলমগীর ও রুনা লায়লা ডাকে শুক্রবারের সেই পার্টিতে তাঁদের দুজনের কাছের অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন শবনম, সুচন্দা, ববিতা, চম্পা, রোজিনা, অরুণা বিশ্বাস, ফেরদৌস, পূর্ণিমা, নাশিদ কামাল, ডলি ইকবাল, আঁখি আলমগীর ও স্ত্রীসহ ফারুক।
