আলমগীরের ছাত্র বাপ্পারাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর আবারও সরকারি অনুদানে নির্মিত একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পারাজ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ্পারাজের এবারের ছবিটির নাম ‘হেডমাস্টার’। ছবিতে হেডমাস্টার চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর। তাঁরই একজন ছাত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাপ্পারাজকে। সামনের আগস্টে ছবিটির নির্মাণকাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিন পর অনুদানের ছবিতে কাজ করা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বাপ্পারাজ বলেন, ‘ভালো মানের গল্প নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করতে আমি সব সময়ই চেষ্টা করেছি। সবাইকে এটুকু বলতে পারি যে আমার অভিনীত প্রায় সবকটি ছবিরই গল্প ভালো। জীবন সীমান্তে অনুদানের ছবি হলেও এর গল্পটা ছিল জীবনঘনিষ্ঠ। হেডমাস্টার ছবির গল্পও অনেকটা সে রকমই। ছবিটির সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হলে দর্শক তা ভালোভাবে গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।’উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবারের মতো সরকারি অনুদানে নির্মিত ছবিতে অভিনয় করেন বাপ্পারাজ। গাজী জাহাঙ্গীর পরিচালিত ছবিটির নাম ‘জীবন সীমান্তে’। এ ছবিতে তিনি একজন এইডস রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো অনুদানের ছবিতে অভিনয় করেননি তিনি।এদিকে বাপ্পারাজ অভিনীত আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হচ্ছে অনন্য মামুনের পরিচালনায় ‘কাছে এসে ভালোবেসে’ ও ‘মোস্ট ওয়েলকাম’। ‘কাছে এসে ভালোবেসে’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেছেন নিপুণ ও মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় করেছেন রাধিকা।