আলাদা বাড়িতে সংসার পাতবেন অভিষেক-ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক, আরাধ্য ও ঐশ্বরিয়া
অভিষেক, আরাধ্য ও ঐশ্বরিয়া

বিয়ের পর থেকেই অমিতাভ-জয়া বচ্চনের সঙ্গে যৌথ পরিবারেই বসবাস করে আসছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু ইদানীং নাকি শাশুড়ির সঙ্গে মন কষাকষি চলছে ঐশ্বরিয়ার। এজন্য মেয়ে আরাধ্য আর স্বামী অভিষেককে নিয়ে আলাদা সংসার পাতার পরিকল্পনা করছেন তিনি।
মুম্বাইয়ের জুহুতে পাঁচ পাঁচটি বাংলো বাড়ি বচ্চনদের। অমিতাভের কেনা প্রথম বাড়িটির নাম ‘প্রতীক্ষা’। ২০০৪ সালে ‘জনক’ নামে আরেকটি বাড়ি কেনেন অমিতাভ। অবশ্য এ বাড়িটি অফিস হিসেবেই ব্যবহার করেন বচ্চনরা। জুহুতে ‘ভাতসা’ নামেও আরেকটি বাড়ি আছে তাঁদের। আর ‘জলসা’ নামের বাংলো বাড়িটিতে থাকেন বচ্চনরা।
গত জুনে ৫০ কোটি রুপি ব্যয় করে ‘জলসা’র পেছনেই অমিতাভ ও তাঁর ছেলে অভিষেকের নামে আরেকটি বাড়ি কেনা হয়। দুই মাস পর মুম্বাইয়ের ওরলি এলাকায় পাঁচ কোটি রুপি ব্যয় করে চার বেডরুমের বিশাল একটি অ্যাপার্টমেন্ট কেনেন ঐশ্বরিয়া।
সম্প্রতি এক খবরে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম জানিয়েছে, বচ্চনদের বাড়ি ছেড়ে স্বামী-সন্তান নিয়ে আলাদাভাবে বসবাসের জন্য মুখিয়ে আছেন ঐশ্বরিয়া। এর পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, ঐশ্বরিয়ার পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়ে জয়ার নিয়মিত হস্তক্ষেপের বিষয়টি ঠিক হজম করতে পারছেন না অ্যাশ। এমনকি তাঁর পেশাগত নানা বিষয়েও নাক গলান জয়া। এসব কারণে বউ-শাশুড়ির মধ্যে খিটিমিটি বেধেছে।
এদিকে অবকাশযাপন শেষে সম্প্রতি দুবাই থেকে ভারতে ফিরেছেন অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য। দুবাইয়ে ছুটি কাটানোর সময় তাঁদের সঙ্গে ঐশ্বরিয়ার বাবা-মা ও ভাই থাকলেও ছিলেন না অমিতাভ, জয়া।