আলাদা হলো দুজনার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাদা হয়েই সুখ খুঁজছেন জনি ডেপ ও আম্বার হার্ড
আলাদা হয়েই সুখ খুঁজছেন জনি ডেপ ও আম্বার হার্ড

সুখের সন্ধানে ঘর বেঁধেছিলেন। অথচ এখন তাঁদের আলাদা থাকাতেই সুখ! বছর দেড়েকের সংসার ভাঙল জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের। প্রথমে পাল্টাপাল্টি অভিযোগ। তারপর নিজেদের মধ্যে সমঝোতা। অবশেষে যৌথভাবে জানিয়ে দিলেন বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন। রফা হয়েছে একটা শর্তে। জনি ডেপ ৭০ লাখ মার্কিন ডলার দেবেন সদ্য সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে। আর তিনি এই অর্থের পুরোটাই দাতব্য কাজে খরচ করবেন।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের চলচ্চিত্রের জন্য খ্যাত অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে শারীরিক নির্যাতন করেছেন! জনি এ কথা অস্বীকার করেছেন। ৩০ বছর বয়সী অ্যাম্বার বলেছিলেন, ঝগড়াঝাঁটির একপর্যায়ে জনি তাঁর দিকে মুঠোফোন ছুড়ে মারেন। জনিও পাল্টা অভিযোগ জানালেন। আর সেটা হলো, ব্ল্যাকমেইলিং। হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা।
এসবই এখন অতীত। সর্বশেষ খবর হলো, জনি-অ্যাম্বার যৌথ বিবৃতিতে বলেছেন, তাঁদের সম্পর্কে গভীর উত্তেজনা ছিল। একসময় পরিস্থিতির বদল হলেও ভালোবাসার ঘাটতি কখনোই হয়নি। আর শারীরিক বা মানসিক ক্ষতিও কারও হয়নি। কোনো পক্ষই আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করেনি। অ্যাম্বার আশা করেন, জনির ভবিষ্যৎ সুন্দর হবে।
লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্ট সূত্র জানায়, জনির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন অ্যাম্বার। তবে ৫৩ বছর বয়সী জনি ডেপের প্রতিনিধি এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেননি।
অ্যাম্বার বলেছেন, বিচ্ছেদ বাবদ ডেপের কাছ থেকে যে অর্থ তিনি পাবেন, সেটা তিনি নিজের জন্য খরচ করবেন না। মানুষের কল্যাণে দান করবেন। অর্ধেক দেবেন নারীর প্রতি সহিংসতাবিরোধী একটি সংগঠনকে। বাকি অর্ধেক পাবে লস অ্যাঞ্জেলেসের একটি শিশু হাসপাতাল। আশা করা যায়, এতে অভাবী মানুষের উপকার বা সুরক্ষা হবে।
জনি-অ্যাম্বারের সম্পর্কের ইতি ঘটার খবর গত মে মাসেই চাউর হয়ে যায়। এরপর তাঁদের পাল্টাপাল্টি নানা অভিযোগের বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়। হলিউডের শীর্ষস্থানীয় তারকাদের একজন জনি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন ফ্রাইডে নাইট লাইটস খ্যাত অ্যাম্বার হার্ডকে। ২০১১ সালে দ্য রাম ডায়েরি ছবির সেটে তাঁদের প্রথম দেখা হয়েছিল।
মনোমালিন্য শুরু হওয়ার পর আদালতে অভিযোগ করেন অ্যাম্বার। এই মর্মে আদেশ নিয়ে আসেন, মীমাংসা না হওয়া পর্যন্ত জনি ডেপ যাতে কোনো যোগাযোগ না করেন এবং সব সময় অন্তত ১০০ গজ দূরত্ব বজায় রাখেন। পরে অবশ্য আদালতে শুনানির আগেই দুজনে আপস করে নিয়েছেন।
অ্যাম্বারের নতুন ছবির নাম জাস্টিস লিগ। সুপারহিরোনির্ভর এই চলচ্চিত্রের নির্মাতা ওয়ার্নার ব্রস। আর জনি ডেপ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের নতুন ছবিতেও থাকছেন শীর্ষ ভূমিকায়। ব্যক্তিগত জীবনের ঘটনাগুলোর প্রভাব তাঁদের পেশাগত সাফল্যে বাধা না ফেলুক, অনুরাগী দশর্কেরা এমনটাই চাইবেন।
আশিস আচার্য
রয়টার্স, এএফপি ও বিবিসি অবলম্বনে