
ঢাকায় নিয়মিত ভালো সিনেমা দেখার সুযোগ রয়েছে, এমন কয়েকটি জায়গার একটি আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার অডিটোরিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং রেনোয়া ফিল্ম ক্লাবের যৌথ আয়োজনে শেষ হলো সোমবার থেকে আয়োজিত দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী। এতে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ছবি প্রদর্শনীর এই নিয়মিত আয়োজন করে ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্টেশন প্রোগ্রামের আওতায়। এটি ছিল ১০৯তম আয়োজন। সুস্থ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সুস্থ দর্শক তৈরির তাগিদে ২০০১ সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। লক্ষ্য, বিশ্ব চলচ্চিত্রের রুচিশীল ও মানসম্মত ছবিগুলো প্রদর্শনীর মাধ্যমে ঢাকার দর্শকদের ভালো সিনেমার ব্যাপারে সচেতন করা।
চলচ্চিত্র সংসদের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক হাসনাইন মাহমুদ জানান, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর চারটি চলচ্চিত্র উৎসব করে আসছেন। এর মধ্য দিয়ে বিশ্বের ভালো ভালো সিনেমা প্রদর্শনীও করা হয়। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করি। এ বছর ইতিমধ্যে জমা পড়েছে ৫০টির বেশি ছবি। ফেব্রুয়ারির ২৫ তারিখের মধ্যে আরও ছবি জমা পড়বে। এগুলো থেকে বাছাই করে প্রদর্শনী ও ‘জহির রায়হান বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হবে।’
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দেখানো হয় প্যারিস জোঁ তেম। সন্ধ্যা ছয়টা থেকে দেখানো হয় গত বছরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সেরা চারটি ছবি।
রেনোয়া ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট মো. মাহমুদ হোসেন জানালেন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সাপ্তাহিক ছবির প্রদর্শনী এখনো শেষ হয়নি। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্র কিংবা শনিবার সন্ধ্যা ছয়টায় একটি ফরাসি ছবি দেখানো হবে। সিনেমাপ্রেমী যে কেউ চাইলে এই সময়ে চলে আসতে পারেন।