আলিয়ঁস ফ্রঁসেজে পটচিত্র প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে আজ থেকে শুরু হচ্ছে পটুয়া নাজির হোসেনের ২৯তম একক পটচিত্র প্রদর্শনী। আজ বিকেল সাড়ে পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে লা ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার প্রদর্শনীর উদ্বোধন করবেন। গ্যালারি সূত্র জানিয়েছে, প্রদর্শনীতে মোট ২৪ টি পটচিত্র স্থান পেয়েছে। পয়লা বৈশাখকে উপলক্ষ করে প্রদর্শনীটির আয়োজন করেছে তাঁরা। পটচিত্রগুলো আঁকা বাংলার বিজয়ের প্রতীক বাঘকে কেন্দ্র করে। শিল্পীর ছবিতে বাঘ কেবল একক ‘আইকন’ হিসেবে চিত্রিত হয়নি, সব ছবিতেই একটা গল্প আছে। শিল্পী তাঁর পটচিত্রে বাঘকে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন কল্পনার রং মিশিয়ে। নাজিরের ছবিতে প্রিয় এই প্রাণীটির প্রতি মমতা দেখা যায়। এখানে লোকশিল্পের মূল চিন্তার সঙ্গে নিজের কল্পনা যোগ করেছেন। পটচিত্রে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে আরও স্থান পেয়েছে কামার, কুমার, জেলে, তাঁতি, বাউল, ফকির, মাঝি ইত্যাদি।

প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
