আলিয়ঁস ফ্রঁসেজে পাটদ্রব্যের প্রদর্শনী
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ঢুকে চোখ জুড়িয়ে গেল। চারপাশে সাজানো নানা রকমের দ্রব্যসামগ্রী। কোনোটি শৌখিন পণ্য, কোনোটি নিত্যব্যবহার্য। বাংলার সোনালি আঁশ দিয়ে তৈরি এমন সব দ্রব্যের প্রদর্শনী চলছে আলিয়ঁস ফ্রঁসেজে। প্রদর্শনীর আয়োজন করেছেন ডালসানিয়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা আসিফ। পাটের তৈরি ব্যাগ, বেডকভার, টেবিলকভার, পর্দা, জুতা, কুশনকভারসহ ১৫ রকমের পণ্য পাওয়া যাবে এই প্রদর্শনীতে।‘ইগজোটিক জুট’ শিরোনামের এ প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী। ডালসানিয়া প্রতিষ্ঠানের বিভিন্ন দ্রব্যের বিদেশেও চাহিদা রয়েছে। পাটের তৈরি বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি করে এ প্রতিষ্ঠানটি। সময় ও পরিবেশ-উপযোগী দ্রব্য তৈরি ও ব্যবহার বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আফসানা আসিফ। প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।