আলিয়ঁস ফ্রঁসেজে হাসির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে রাস্তায় বেরিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়েন এক দোকানদার। পুরোপুরি বিকল হয়ে যায় তাঁর গাড়ি। আর দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকেই দিতে হবে ক্ষতিপূরণ। শাস্তি ঠিক হয়, দোষী লোকটিকে নিজ দায়িত্বে ওই দোকানদারের এক আমেরিকান বন্ধুর একটি গাড়ি পৌঁছে দিতে হবে নেয়াপলস শহর থেকে বর্দুতে। এই গাড়িকে গন্তব্যে দিয়ে আসার মাঝখানের নানা নাটকীয়তায় ভরপুর ছবি ‘লো কহানু’ গতকাল প্রদর্শিত হলো আলিয়ঁস ফ্রঁসেজে।
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল সোমবার দুপুরে ফরাসি কমেডি-ভিত্তিক তিনটি চলচ্চিত্র ও ফরাসি কমেডির ওপর আলোচনা অনুষ্ঠান দিয়ে সাজানো এই উৎসব শুরু হয়েছে। উৎসবটি রাজধানীর ঢাকার মিরপুর রোডের আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার অডিটরিয়ামে গতকাল বেলা আড়াইটায় চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও রেনোয়া ফিল্ম ক্লাবের যৌথ আয়োজনের এই উত্সবে গতকাল প্রথম দিনের শুরুতেই ‘লো কহানু’ শিরোনামের একটি ফরাসি হাসির সিনেমা দেখানো হয়। এ ছবির পর বিকেল পাঁচটায় দেখানো হয় মার্ক ক্যারো ও জঁ-পিয়েরো নির্মিত কমেডি ‘ডেলিকাটেসেন’। এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং মালিকের দিনযাপনের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনি।
আজ মঙ্গলবার, বেলা আড়াইটায় দেখানো হবে ফ্রান্সিস ভেবার নির্মিত ছবি ‘লো ডিনার দো কন’। প্রদর্শনী শেষে বিকেলে অনুষ্ঠিত হবে ফরাসি কমেডির ওপর আলোচনা অনুষ্ঠান।