আলিয়ঁস ফ্রঁসেজে 'সময়ের ছাপ'

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে চলছে ‘সময়ের ছাপ’ শিরোনামের একটি চিত্র প্রদর্শনী। চিত্রশিল্পী আবদুল গাফ্ফারের এই প্রদর্শনী শুরু হয়েছে ১৯ নভেম্বর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সিইও ফারুক সোবহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী, শিশির ভট্টাচার্য্য ও চিত্র সমালোচক মোস্তফা জামান।

ছবিগুলো প্রসঙ্গে চিত্রশিল্পী বলেন, ‘নতুন কোনো কিছু দেখার পর একটা ছাপ পড়ে মানুষের মনে। সময়ের আবর্তে সেই ছাপগুলোই বিমূর্ত করা হয়েছে ক্যানভাসে।’
আবদুল গাফ্ফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ছাপচিত্র বিষয়ে ২০০৮ সালে এমএফএ পাস করেন। তিনি দেশে-বিদেশে বেশ কটি দলবদ্ধ চিত্র প্রদর্শনী, কর্মশালা ও রেসিডেন্সিতে অংশ নিয়েছেন। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে তাঁর প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী হয় ২০১৪ সালে। তিনি জলরং, তেলরং, পেনসিল, অ্যাক্রিলিক, চারকোল, উডকাট, লিথোগ্রাফি, মিশ্র মাধ্যমসহ নানা মাধ্যমে কাজ করেন।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
