আলিয়ঁস ফ্রঁসেসে সুখের বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যাপি রেইন’ ছবির একটি দৃশ্য
‘হ্যাপি রেইন’ ছবির একটি দৃশ্য

বাংলাদেশ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন ফরাসি নির্মাতা ইসাবেলা আতুনেস। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এই তথ্যচিত্রটি ডিসেম্বরে প্যারিসে হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘ইউএন সিওপ ২১’-এ দেখানো হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার মিলনায়তনে ‘হ্যাপি রেইন’ নামের এ ছবিটি দেখানো হবে।


‘হ্যাপি রেইন’ বা ‘সুখের বৃষ্টি’ ছবির শুটিং হয়েছে দাউদকান্দিতে। বর্ষায় এই এলাকার নিচু ধানি জমিগুলো ডুবে যায়। চীন, নেপাল, ভুটান ও ভারতের নদী-খালগুলো থেকে আসা পানির কারণে উপচে পড়ে এই এলাকার নিম্নাঞ্চল। কিন্তু এতেও দিশেহারা হয়ে পড়ে না এ অঞ্চলের মানুষ। এ সময়ে নিচু জমিগুলোতে মাছ চাষ করেন ওই অঞ্চলের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে তাই একটি মডেল হিসেবে দেখানো হয়েছে।

ইসাবেলাকে এ বিষয়ের ওপর তথ্যচিত্র নির্মাণের ধারণা দেন বেসরকারি প্রতিষ্ঠান ‘শিশুক’-এর পরিচালক এস এম মোরশেদ। তিনিই স্থানীয় জনসাধারণকে বহুমাত্রিক উৎপাদনে উত্সাহী করে সমবায়ের ভিত্তিতে মত্স্য খামার গড়ে তোলার পরামর্শ দেন। ১৫ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। অনেকগুলো গ্রামের মানুষকে দলবদ্ধ হতে উৎসাহিত করেছেন এস এম মোরশেদ।

ইসাবেলার জন্ম ফ্রান্সে। তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। তিনি বতসোয়ানা, আইভরি কোস্ট, মরক্কো, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, পাকিস্তানসহ আরও কিছু দেশে কাজ করেছেন।

‘হ্যাপি রেইন’ তথ্যচিত্রে ইসাবেলা দেখিয়েছেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা সমালোচনা সহ্য করেও বাংলাদেশ এখন ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে।