আলিয়ঁসে স্মরণীয় এক সন্ধ্যা

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে মঙ্গলবার সন্ধ্যার আয়োজনটি মন ভরিয়েছে দর্শকদের। একটি বই প্রকাশের আয়োজনটি একসময় পরিণত হয় জমজমাট পালা গানের আসরে। ছিল লালনের গানের মন হরণ করা পরিবেশনা।
লা গ্যালারির সুপরিসর ঘরটিতে এক পাশে অস্থায়ী মঞ্চ। মঞ্চের পেছনে ব্যানারে উপমহাদেশের বিখ্যাত কিংবদন্তি সুফি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ছবি। মঞ্চে গান করছেন শিল্পী। তাঁকে কেন্দ্র করে তিনপাশে যন্ত্রীরা। সব মিলিয়ে চমৎকার এক আয়োজন।

মূল আয়োজনটি ছিল বইয়ের প্রকাশ। উপমহাদেশের প্রখ্যাত সুফি শিল্পী নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে রচিত হয়েছে বইটি। এই শিল্পীর জীবন ও সংগীত নিয়ে দীর্ঘ এক দশক গবেষণা করেছেন ফরাসি লেখক পিয়্যের অ্যাঁলা বো। সেই গবেষণার ভিত্তিতে লিখেছেন ‘নুসরাত, দ্য ভয়েস অব ফেইথ’ বা ‘নুসরাত—বিশ্বাসের কণ্ঠস্বর’ শীর্ষক বইটি। ইতিমধ্যে তা ফরাসি, ইংরেজি ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে। আর আগামী বছরের শুরুতে প্রকাশিত হচ্ছে বাংলায়। প্রকাশনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই মঙ্গলবার সন্ধ্যায় অনন্য এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে বইটি নিয়ে আলোচনার সঙ্গে গানের পরিবেশনায় সাজানো হয় অনুষ্ঠান। ‘নুসরাত—বিশ্বাসের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির ওপর আলোচনা করেন করেন অধ্যাপক কায়সার হক। এ ছাড়া আলোচনায় অংশ নেন ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবে ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব। স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

আলোচনায় বক্তারা বলেন, ফতেহ আলী খানের ছিল জাদুকরি গলা। সুফি কবিদের ভাব ও বাণী প্রসার তার লক্ষ্য ছিল। তিনি একদম সহজ সরল ছিলেন। তাঁর সময়ের তিনি একজন উল্লেখযোগ্য মানুষ। সুফি সংগীতের বিশ্বব্যাপী প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেহেতু পিয়্যের অনেক সময় কাটিয়েছেন নুসরাতের সঙ্গে, তাই তাঁর জীবন সম্পর্কে গভীর পর্যালোচনা উঠে এসেছে গ্রন্থটিতে।
অনুষ্ঠানটি শুরু গান ও প্রামাণ্যচিত্র দিয়ে। পর্দায় দেখানো হয় নুসরাত ফতেহ আলী খানের পরিবেশনার ভিডিওচিত্র এবং তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর আলোচনা শেষে শুরু হয় সংগীত পরিবেশনা। কবিগান ও লালনের গানের সমন্বয়ে মনোমুগ্ধকর হয়ে ওঠে আসরটি। লালন সাঁইজির বাণীকে আশ্রয় করে সুর ছড়ান প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। শোনান, ‘সত্য বল সুপথে চল/ওরে আমার মন/সত্য সুপথ না চিনিলে...’। এরপর একে একে পরিবেশন করেন ‘জাত গেল জাত গেল বলে’, ‘পারে কে যাবি নবীর নৌকাতে আয়’ ও ‘পাখি কখন জানি উড়ে যায়’সহ তিনটি গান।
শেষে ছিল চমক। নাগরিক দর্শকের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। গানের ভেতর থেকেই প্রশ্ন ও জবাব দেওয়ার এ পালায় অংশ নেন ঢাকার কেরানীগঞ্জের শিল্পী আরিফ দেওয়ান ও মানিকগঞ্জের শিল্পী আলেয়া বেগম।