আলিয়ার হাতে মেহেদি, করণের চোখে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কোনো গুঞ্জন নয়। সত্যি সত্যি আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়েটা তাহলে হচ্ছে। কারণ, আজ বুধবার দুপুরে রণবীরের নামের মেহেদি আলিয়ার হাতে লেখা হয়েছে।
আজ দুপুর থেকে শুরু হলো আলিয়া আর রণবীরের বিয়ের অনুষ্ঠান। বেলা দুটো নাগাদ পালি হিলের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে রণবীরের বাবা প্রয়াত ঋষি কাপুর আর কাপুর পরিবারের পূর্বপুরুষদের পূজা করা হয়। এরপর গণেশ পূজা দিয়ে তাঁদের বিয়ের শুভারম্ভ হয়। আলিয়ার হাতে মেহেদি লাগানোর কার্যক্রম হয়ে গেছে। আর তার ইঙ্গিত দিয়েছেন আলিয়ার দিদি পূজা ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে পূজার হাতে মেহেদি দেখা গেছে।

আলিয়া-রণবীরের মেহেদি অনুষ্ঠানে কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, করণ জোহর, পূজা ভাট, রীমা জৈন, আয়ান মুখার্জি, মহেশ ভাটসহ কাপুর এবং ভাট পরিবারের অনেক সদস্য, আর বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ রাতেই সংগীতের আয়োজন করা হয়েছে। জানা গেছে, আলিয়ার হাতে মেহেদি লাগানোর পর করণ জোহর কেঁদে ফেলেছিলেন। তিনি আলিয়াকে কন্যার চোখে দেখেন। মেহেদি অনুষ্ঠানের সময় আলিয়ার ছবি ‘রাজী’-র গান বাজানো হয়েছিল।

খবর যে রণবীরের কাকা রণধীর কাপুর গোয়া থেকে রওনা দিয়েছেন। আলিয়া আর রণবীর আজ বিয়ের দিন ঘোষণা করতে পারেন। ইতিমধ্যে বলিউডের এই হবু দম্পতির জন্য বিয়ের উপহার আসতে শুরু করেছে। সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের জন্য সোনায় মোড়া ফুলদানি আজ দুপুরে ‘বাস্তু’ আবাসনে নিয়ে এসেছিলেন। আলিয়া-রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মুম্বাইয়ের নামকরা সুরক্ষা এজেন্সি ‘৯/১১’-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।