আলী জাফরের জন্য ইউটিউব খুলল পাকিস্তানে!
‘মেরে ব্রাদার কি দুলহান’খ্যাত বলিউডের অভিনেতা ও পাকিস্তানি গায়ক আলী জাফরের জন্য সম্প্রতি ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান সরকার। তবে কেবল তিন দিনের জন্য। আলী অভিনীত পরবর্তী বলিউডের ছবি ‘চশমে বুদ্দুর’-এর প্রচারণামূলক বিজ্ঞাপন অনলাইনে মুক্তি উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৮১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডিধর্মী ‘চশমে বুদ্দুর’ ছবির রিমেকে তিন কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেছেন আলী। ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন ডেভিড ধাওয়ান। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এ প্রসঙ্গে ভায়াকম ১৮ মোশন পিকচার্সের কর্মকর্তা বিক্রম মালহোত্রা বলেন, ‘পাকিস্তানে ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় এটাই প্রমাণিত হলো যে সংস্কৃতি বা বিনোদন কোনো সীমানা মানে না। ভারত, পাকিস্তানসহ পুরো এশিয়ায় অসংখ্য ভক্ত আছে আলী জাফরের। সবাই তাঁকে অনেক ভালোবাসে।’বিক্রম আরও বলেন, ‘আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে চশমে বুদ্দুর। ছবিটি ভারত ও পাকিস্তানের দর্শকেরা দেখার সুযোগ পাবে। এ জন্য আমি অনেক খুশি। তারা এখন থেকেই ছবিটির প্রচারণামূলক বিজ্ঞাপন ইউটিউবে দেখার সুযোগ পাবেন জেনে আরও বেশি ভালো লাগছে।’