সময়টা ১৯৭২ সাল। সে সময় আরণ্যক নাট্যদলের হয়ে নাটকের কাজ শুরু করলাম। সে বছরই আমার জীবনে প্রথম মঞ্চনাটকে অভিনয়। মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকটি আরণ্যক মঞ্চে আনে। প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। এরপর জুন মাসের দিকে নাগরিক থেকে আমাকে ডাকা হলো। আমি মামুনুর রশীদের সঙ্গে কথা বলে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দিলাম। সেখানে এসে আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে প্রথম অভিনয় করি। এখানে এসে প্রথম অভিনয়ের আগের অনুভূতি ছিল নিজের মধ্যে এক ধরনের বোঝাপড়া। নিজের মধ্যে তাগিদ ছিল অনেক ভালো অভিনয় করার, দর্শকের প্রশংসা পাওয়ার। আবার ভয়ও লাগছিল। তবে সবচেয়ে বেশি ভয় পেয়েছি আরণ্যকে প্রথম কবর নাটকে অভিনয়ের আগে। কেননা দর্শকের সামনে সরাসরি অভিনয়। ওয়াপদা মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল। তবে প্রদর্শনী শেষে অনেক প্রশংসা পেয়েছিলাম। ১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে আমার নির্দেশনায় বাদল সরকারের বাকি ইতিহাস নাটকটি মঞ্চে আসে। এটি ছিল আমার প্রথম নির্দেশনা। বাকি ইতিহাস নাটক দিয়েই বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর যাত্রা শুরু হয়।