আলী যাকের: অচলায়তন থেকে চণ্ডালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যকাল থেকেই রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে আলী যাকেরের পরিচয়। তাঁর ছেলেবেলা কেটেছে গেন্ডারিয়ায়। স্কুলে পড়াকালীন পাড়ায় মহিলা সমিতির একটা অনুষ্ঠানেই চণ্ডালিকা নাটকে তাঁর প্রথম অভিনয়। আলী যাকের বললেন, ছোটবেলায় রবীন্দ্রনাথের চণ্ডালিকা আর শ্যামার প্রেমে পড়ে যাই। তখন থেকেই রবীন্দ্রনাথকে নিয়ে কাজের স্বপ্ন বুনন শুরু হয়। একটা সময় এসে থিয়েটার নিয়ে কাজের সুযোগ হয় তাঁর। নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেওয়ার পর ১৯৮১ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটির নির্দেশনা দেন তিনি। নাটকটির টানা ৭০টি প্রদর্শনী মঞ্চায়ন হয়। তারপর বন্ধ থাকে প্রদর্শনী। যদিও এর মধ্যে রবীন্দ্রনাথের বিশেষ দিনগুলোতে নাটকটির বিশেষ বিশেষ প্রদর্শনী হয়েছে। এরপর ২০১১ সালে এসে এটার নতুনভাবে মঞ্চায়ন শুরু হয়েছে। আলী যাকের জানান, এখন থেকে নাটকটির নিয়মিতই প্রদর্শনী চলবে। ৩০ বছর আগের অচলায়তন থেকে এবার রবীন্দ্রনাথের চণ্ডালিকায় প্রবেশ করছেন আলী যাকের। নিজের মতো করে চণ্ডালিকা লিখছেন তিনি। তবে চণ্ডালিকার একটি গান থেকে নতুন করে নাটকটির নাম দেওয়া হয়েছে যে মানবো তুমি। আলী যাকের জানান, নিজের মতো করে লিখলেও পুরো নাটকে রবীন্দ্রনাথের আবহাওয়াটাই থাকবে। সংলাপ ঠিক থাকবে। হয়তো কোনো কোনো জায়গায় চণ্ডালিকার সংলাপগুলো আগে-পিছে হবে। তিনি জানালেন, লেখার কাজ শেষের পথে। রোজার মাস থেকেই মহড়া শুরু হবে। ঈদের পরপরই নাটকটি মঞ্চে আনতে পারব বলে আশা করছি। বললেন আলী যাকের।