আলীমের গান নবীন শিল্পীদের কণ্ঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী আবদুল আলীম। পল্লিগীতি, বিচ্ছেদি, ভাটিয়ালি থেকে দেহতত্ত্ব, বাউল, মরমি—অসংখ্য গানে তিনি মন ভরিয়ে রেখেছিলেন অগণিত শ্রোতার। তাঁর কণ্ঠমাধুর্য এসব গানকে বিশেষ ব্যঞ্জনা দিয়েছিল। সেই গানগুলো কালজয়ী আবেদন সৃষ্টি করেছে শ্রোতাদের কাছে। তেমনি কিছু গান নতুন প্রজন্মের শিল্পীরা শোনালেন গতকাল।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আবদুল আলীমের গান নিয়ে সংগীত আসরের আয়োজন করে ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন। অনুষ্ঠানে আবদুল আলীমের বিখ্যাত গানগুলো গেয়ে শোনান দুই নবীন শিল্পী মাহফুজার রহমান ও ইউনুছুর রহমান।গানের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। এরপর ‘আল্লাহু আল্লাহু’ দিয়ে গানের পর্ব শুরু হয়। এরপর তাঁরা দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন ‘আমার দেশের মত’ গানটি। পর্যায়ক্রমে তাঁরা গেয়ে শোনান ‘মনে বড় আশা ছিল যাবো মদিনায়’, ‘উজান গাঙের নাইয়া’, ‘পরের জায়গা পরের জমিন’, ‘হলুদিয়া পাখি’, ‘এই যে দুনিয়া’, ‘ও আমার পঙ্খিরাজ’, ‘প্রেমের মরা জলে ডোবে না’, ‘বধূর বাড়ি মধুপুর’, ‘নোঙর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই’, ‘আর কতকাল ভাসব’, ‘রূপালী নদী রে, ‘যারে ছেড়ে এলাম’ ও ‘পদ্মা নদী রে’।কায়ায় ‘ওয়াটার রাইমস’রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় চলছে প্রবীণ-নবীন ১৬ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খানসহ তরুণ প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের চিত্রকর্ম। ‘ওয়াটার রাইমস’ শিরোনামের এ প্রদর্শনীর সব ছবি জলরঙে আঁকা। এ প্রদর্শনীতে দেশের প্রথিতযশা চিত্রকরদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের মাধ্যমে উদ্ভাসিত হয়েছে শিল্পচর্চার ক্রমবিকাশমান ধারা। প্রদর্শনীর শিল্পকর্মগুলোয় উঠে এসেছে বহুমাত্রিক বিষয়। এতে উঠে এসেছে চলমান জীবন, প্রান্তিক মানুষ, লোকজ সংস্কৃতি, পাহাড়, নদীসহ বৈচিত্র্যময় বিষয়।গ্যালারিতে প্রবেশ করতেই নজর কেড়ে নেয় শিল্পী কাইয়ুম চৌধুরীর ‘সোনালি বাংলা’। বাংলার নারী নদী, নৌকার নান্দনিক অবস্থানে শিল্পীর স্বকীয়তা ফুটে উঠেছে ছবিতে। শিল্পী মুর্তজা বশীরের ‘চকবাজার অ্যাট নাইট’ ছবিতে রঙের বিন্যাসে আটপৌরে নগর জীবনের প্রাত্যহিক চিত্র যেন ফুটে উঠেছে অসাধারণ ব্যঞ্জনায়। ছবিটি ১৯৫৪ সালে আঁকা। রফিকুন নবীর ছবিতে উঠে এসেছে ভুটানের পাহাড়ের কোলঘেঁষা প্রাকৃতিক দৃশ্য।প্রদর্শনীতে আরও রয়েছে হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, কাজী রকিব, রতন মজুমদার, তরুণ ঘোষ, মাসুদা কাজী, শিশির ভট্টাচার্য্য, সমীরণ চৌধুরী, নগরবাসী বর্মণ, কামালুদ্দীন, সোহাগ পারভেজ প্রমুখের শিল্পকর্ম। প্রদর্শনী চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।