আলীর বন্ধু ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বব ডিলান ও মোহাম্মদ আলী
বব ডিলান ও মোহাম্মদ আলী

মুষ্টিযুদ্ধ নিয়ে বব ডিলানের দারুণ আগ্রহ। ‘হু কিলড ডেভি মুর’ থেকে ‘হ্যারিকেন’ গানগুলো লেখার ক্ষেত্রে তাঁর অনুপ্রেরণা ছিল মুষ্টিযোদ্ধা রুবিন কার্টার, যিনি রুবিন ‘হ্যারিকেন’ কার্টার নামে পরিচিত।

মোহাম্মদ আলীর ভক্ত ছিলেন ডিলান। ১৯৬৪ সালে তাঁর এলপিতে আলীকে নিয়ে ছিল তাঁর গান। ‘আই ওয়াজ শ্যাডো-বক্সিং আর্লিয়ার ইন দ্য ডে/আই ফিগার্ড আই ওয়াজ রেডি ফর ক্যাসিয়াস ক্লে’ গানটি তিনি রেকর্ড করান সে বছর ফেব্রুয়ারিতে সনি লিস্টনকে হারিয়ে প্রথমবারের মতো আলী হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর (তখনো আলী ধর্মান্তরিত হননি)।
এর সাত বছর পর ১৯৭১ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জো ফ্রেজিয়ারের সঙ্গে মুষ্টিযুদ্ধে হেরে যান আলী। দর্শকসারিতে ছিলেন বব ডিলানও।
এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই ১৯৭৪ সালের ২৯ জানুয়ারি জো ফ্রেজিয়ারকে হারিয়ে আবার টাইটেল ফেরত পান আলী। এরপর ১৯৭৫ সালের ৮ ডিসেম্বর এখানেই ডিলান আর আলীর দেখা। এবার ডিলানের ‘নাইট অব দ্য হ্যারিকেন’ কনসার্টে। রুবিন ‘হ্যারিকেন’ কার্টারকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁর সাহায্যার্থেই এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। আলীও উপস্থিত ছিলেন এখানে। ছিলেন কার্টারের স্ত্রী ও কন্যাও। এদিন আলী একটি বক্সিং গ্লাভস উপহার দিয়েছিলেন বব ডিলানকে।