আলোচনায় সুভাষ দত্ত

যদিও সময়মতো শুরু হয়নি অনুষ্ঠান, তবু আলোচনার বিষয়বস্তু সুভাষ দত্ত হওয়ায় দর্শকেরা ধৈর্য ধরেই অপেক্ষা করেছেন। বিফল হয়নি সে অপেক্ষা। আলোচকেরা সবাই ছিলেন তাঁর ঘনিষ্ঠ, ফলে তাঁদের স্মৃতিচারণা ছুঁয়ে গেল দর্শকমন।
সুভাষ দত্তের ৮৬তম জন্মবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেলে ছিল এ আয়োজন। তাঁকে নিয়ে সুতরাং তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন নামের একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হলো। এরই মাঝে ছিল আলোচনা।
বিশেষ অতিথি মুস্তাফা মনোয়ার জানালেন, স্বাধীনতার পরপরই তাঁদের একই সঙ্গে রাশিয়ায় যাওয়ার অনুভূতির কথা। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিটি নিয়ে গিয়েছিলেন সুভাষ দত্ত। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভারতের মৃণাল সেন, জাপানের কুরাসাওয়া। মৃণাল সেন ছবিটির খুব প্রশংসা করেছিলেন। মুস্তাফা মনোয়ার বলেন, চলচ্চিত্র মানেই বাণিজ্যিক বস্তু নয়, জাতির মননের প্রকাশ, নান্দনিক বোধের বিশেষ অনুভূতি, সেটা বুঝিয়েছিলেন সুভাষ দত্ত।
সুভাষ দত্তের সুতরাং ছবি দিয়েই কবরী চলচ্চিত্র জগতে এসেছিলেন। এ অনুষ্ঠানে সেই ছবির নানা স্মৃতিচারণা করলেন তিনি। বিশেষ করে বললেন, ‘উচ্চারণ নিয়ে সুভাষদা ছিলেন অসম্ভব রকম খুঁতখুঁতে। সংলাপগুলো নিজে উচ্চারণ করে বুঝিয়ে দিতেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুপম হায়াৎ, আজিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, অশোক দাশ, ঝর্ণা দত্ত ও আবীর শ্রেষ্ঠ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোহাম্মদ আবদুল মজিদ। সুভাষ দত্তের নাতনি অর্জিতা দত্ত ছিলেন সঞ্চালক। আলোচনা শেষে সুভাষ দত্ত অভিনীত চলচ্চিত্রের নির্বাচিত অংশ নিয়ে নির্মিত অডিও-ভিজ্যুয়াল ক্লিপ প্রদর্শিত হয়। সবশেষে ছিল সুভাষ দত্ত অভিনীত ও পরিচালিত চলচ্চিত্রের গানের পরিবেশনা। গানগুলো পরিবেশন করে মনমৃত্তিকা গানের দল। অনুষ্ঠানটির আয়োজন করেছিল সুভাষ দত্ত স্মৃতি পরিষদ, সুভাষ দত্ত পরিবার ও ভারমিলিয়ন ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট।