আলোর দিশারি হুমায়ুন আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ুন আজাদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গতকাল বক্তৃতা দেন অধ্যাপক আনিসুজ্জামান৷ মঞ্চে উপবিষ্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (মাঝে) ছবি: প্রথম আলো
হুমায়ুন আজাদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গতকাল বক্তৃতা দেন অধ্যাপক আনিসুজ্জামান৷ মঞ্চে উপবিষ্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (মাঝে) ছবি: প্রথম আলো

ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে কখনই কুণ্ঠাবোধ করতেন না হুমায়ুন আজাদ। ছিলেন প্রথাবিরোধী চিন্তাধারার প্রগতিশীল মানুষ৷ তাই তাঁর আদর্শ অনুসরণ করে অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা সভাপতি রাখা হয়নি।
গতকাল সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি ছিলেন ছবি হয়ে। অনুষ্ঠানে সমাগত ব্যক্তিরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, হুমায়ুন আজাদ বাঙালি জাতিসত্তার উন্মেষ এবং বাংলা ভাষা ও সাহিত্যকে সম্মানের সিংহাসনে অধিষ্ঠিত করে গেছেন। তিনি বাঙালির সমাজজীবন, প্রকৃতি ও ঐতিহ্যগতভাবে অর্জিত সংস্কৃতি, সাহিত্য আর শিল্পের মাধুর্যকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। আজও তিনি অমলিন হয়ে আছেন । কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ-সমালোচনাসহ শিল্পের প্রায় প্রতিটি শাখায় আলো ছড়িয়েছেন তিনি। সেই আলোক কণা জাতির অন্ধকার সময়ে এখনো পথ দেখায়, প্রাণিত করে।
গতকাল সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে চেতনায় হুমায়ুন আজাদ নামে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি।
‘হুমায়ুন আজাদ: বেঁচে আছেন আপনি, বেঁচে থাকবেন অনন্ত সময়’ শীর্ষক আলোচনা সভায় হুমায়ুন আজাদের সৃজন কর্ম ও তাঁর চিন্তাধারা তুলে ধরে স্মৃতিচারণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। অধ্যাপক রফিকউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সুলতানা আজিম। বক্তারা হুমায়ুন আজাদ যেখানে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, সেই স্থানটিতে একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ওই সড়কটি ‘হুমায়ুন আজাদ সরণি’ নামকরণ করার দাবিও জানানো হয়।
আলোচনায় বক্তারা সাহিত্যের নানা শাখায় হুমায়ুন আজাদের বীরদর্পে বিচরণের কথা উল্লেখ করে বলেন,
শিল্পের জন্য, মানুষের জন্য সারাক্ষণ ভাবতেন তিনি। স্বপ্ন দেখতেন সমৃদ্ধ বাংলাদেশের।
বক্তারা আরও বলেন, ‘মানুষ ও দেশ ছিল তাঁর রচনার কেন্দ্রবিন্দু। মানুষের মানবিক গুণাবলির উন্মোচন, দেশ ও জাতিকে সমৃদ্ধ করার জন্য কলম তুলে ধরেছিলেন। তিনি বিশ্বাস করতেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ছাড়া দেশ ও মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশের জন্য কাজ করে গেছেন।’
আলোচনার ফাঁকে ফাঁকে ছিল ­প্রবন্ধ পাঠ, গান ও আবৃত্তি। হুমায়ুন আজাদের কবিতা নিয়ে আলোচনা করেন কবি অসীম সাহা। আবু বকর সিদ্দিক পাঠ করেন হুমায়ুন আজাদের রাজনৈতিক ভাবনা। গান করেন বাবু রহমান, আফসানা রুনা, নুসরাত জাহান প্রমুখ। হুমায়ুন আজাদের কবিতা আবৃত্তি করেন বদরুল আহসান খান ও রেজিনাওয়ালী লীনা।