আলোর মানুষ

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের রবীন্দ্রসদন নাট্যমঞ্চ৷ সন্ধ্যা গড়াতেই মিলনায়তনের সামনে দর্শকের অধীর অপেক্ষা৷ তাঁরা সবাই এসেছেন ঢাকার নাটক দেখতে৷ একটু পরেই মঞ্চস্থ হবে ঢাকার লোকনাট্য দলের নাটক সোনাই মাধব৷ আলো জ্বলতেই মঞ্চে উঠে এলেন একজন আলোর মানুষ৷ ঢাকার ঠান্ডু রায়হান, তিন দশক ধরে যিনি দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে শিল্পীদের আলো দিয়েছেন একনাগাড়ে৷ ১৯৮০ সাল থেকে তিনি কাজ করে চলেছেন আরণ্যক নাট্যদলের সদস্য হিসেবে৷ এবার ঋত্বিক নাট্যদল তাঁকে দিল গুণীজন সম্মাননা৷
গত ২৫ মার্চ সন্ধ্যার দৃশ্য এটি৷ সেদিন ছিল ১৩তম ‘দেশ-বিদেশের নাট্যমেলা’র সমাপনী দিন৷ সপ্তাহব্যাপী এই নাট্যমেলার আয়োজক ঋত্বিক নাট্যদল৷ ‘দুই বাংলার পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধে আমাদের মঞ্চনাটকের ভূমিকা অনস্বীকার্য৷ ঢাকার এই নাট্যবন্ধুকে সম্মািনত করতে পেরে আমরা আজ আনন্দিত৷ এর মধ্য দিয়ে আমরা আমাদের মৈত্রীবন্ধনকে আরও সুদৃঢ় করতে চাই৷’ বললেন ঋত্বিকের সম্পাদক মোহিতবন্ধু অধিকারী৷
এবার ঠান্ডু রায়হানকে নিয়ে বলি৷ উপমহাদেশের প্রখ্যাত আলোকনির্দেশক তাপস সেনের হাত ধরে যাত্রা শুরু এই আলোর মানুষের৷ তারপর তিনি কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এবং মঞ্চ নির্দেশক সৈয়দ জািমল আহমেদের সঙ্গে৷
মঞ্চে তিনি প্রথম আলোকনির্দেশনার কাজটি করেছেন ১৯৮২ সালে৷ আরণ্যক নাট্যদলের গিনিপিগ নাটকে৷ নিজ দলের নাটক ছাড়াও কাজ করেছেন দেশের বিভিন্ন নাট্যদলের সঙ্গে৷ তারপর কেবল সামনের দিকে এগিয়ে চলা৷ একে একে কোর্ট মার্শাল, গোলাপজান, জয়জয়ন্তী, পদ্মা নদীর মাঝি, খানদািন কিসসা ও স্বদেশীর মতো নাটকে তাঁর কর্মনৈপুণ্য তাঁকে পৌঁছে দেয় খ্যাতির চূড়ায়৷ দেশের গণ্ডি পেরিয়ে তিনি কাজ করেছেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেপালের মঞ্চে৷ এ পর্যন্ত তিনি আলোকনির্দেশনার কাজ করেছেন প্রায় ৩৫০টি নাটকে৷
আলোকনির্দেশনার পাশাপাশি করেছেন অভিনয়৷ আরণ্যকের ইবলিশ নাটকের নঈমুদ্দীন চরিত্রে তাঁর প্রথম অভিনয়৷
‘মঞ্চের প্রতি ভালোবাসা থেকেই মূলত কাজটি শুরু করেছিলাম৷ সময়ের পালাবদলে আজ সেই কাজ আমাকে পৌঁছে দিয়েছে সম্মানের আসনে৷ ভাবতে ভালো লাগছে৷ দেশের বাইরে এটি আমার প্রথম অর্জন৷ আমি মনে করি, এই ধরনের সম্মান কাজের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে দেয়৷’ বললেন ঠান্ডু রায়হান৷