আলো আর শব্দের খেলা দেখতে লালবাগে মানুষের ভিড়

লোহার কলাপসিবল ফটক খুলতেই হুড়মুড়িয়ে একটা জনস্রোত ঢুকল লালবাগ কেল্লার প্রাঙ্গণে। শিশু-কিশোরদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিলেন বড়রাও। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা পাঁচ শ চেয়ার ভরে উঠল মুহূর্তেই।
কিন্তু ফটকের বাইরে তখন আরেক দৃশ্য। আরও পাঁচ শতাধিক মানুষ অপেক্ষা করছেন টিকিট হাতে। টিকিট না পেয়ে কাউন্টারের সামনে ভিড় জমিয়ে আছেন আরও অনেকে। টিকিট না পেয়ে রীতিমতো উত্তেজিত তাঁরা। তর্কাতর্কি করছেন কাউন্টারের টিকিট বিক্রেতার সঙ্গে। মানুষের ভিড়, যানবাহনের চাপ—সব মিলিয়ে রাস্তায় তখন দীর্ঘ যানজট।
গতকাল শনিবার ছিল লালবাগ কেল্লার ‘লাইট অ্যান্ড সাউন্ড শো-এর প্রথম বাণিজ্যিক প্রদর্শনী। আলো আর শব্দের খেলায় প্রথমবারের মতো রাজধানী ঢাকার ৪০০ বছরের ইতিহাসের গল্পগাথার চাক্ষুস সাক্ষী হতে দুপুরের পরপরই কেল্লার সামনে মানুষের ভিড় জমতে শুরু করে। প্রদর্শনীর সময় সন্ধ্যা সাড়ে ছয়টা, কিন্তু বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্ধারিত ধারণক্ষমতার ৫০০ টিকিট বিক্রি হয়ে যায়। সপরিবারে অনেকে গিয়ে তখন আর টিকিট পাননি। শুরু হয় টিকিট বিক্রেতাদের সঙ্গে মানুষের তর্কাতর্কি ও উত্তেজনা। একপর্যায়ে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
এতে আরও উত্তেজিত হয়ে পড়েন অপেক্ষারত মানুষ। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জানায়, প্রথম দিন একটি প্রদর্শনী হওয়ার কথা থাকলেও আরেকটি প্রদর্শনী হবে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই স্বাগত জানায় উপস্থিত জনতা। এতে বাইরের উত্তেজনা কমে আসে, আর আঁধার নেমে আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় লালবাগ কেল্লার বিস্তৃত প্রাঙ্গণজুড়ে শুরু হয়ে যায় আলো-শব্দের খেলা। প্রায় ৩০ মিনিটের গতকালের প্রথম প্রদর্শনী ছিল নির্বিঘ্ন। শুক্রবার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা গতকাল ঘটেনি। এখন থেকে প্রতিদিন সাপ্তাহিক ছুটি রোববার ছাড়া সন্ধ্যার পর দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শুধু আবহাওয়া খারাপ থাকলে এবং বর্ষাকালে প্রদর্শনী বন্ধ থাকবে। টিকিটের মূল্য ২০ টাকা।