আলো ও শব্দে রক্তাক্ত ইতিহাস
আলো ও শব্দ দিয়ে ৩০ মিনিটের আয়োজন। ৩০ মিনিটে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা তুলে ধরা হলো। অন্ধকার মিলনায়তনে পুরোটা সময় ছিল পিনপতন নীরবতা। ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনায় আবারও আবেগসিক্ত হলেন দর্শক।শিল্পকলা একাডেমী শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণ ও খুনিদের প্রতি ধিক্কার জানাতে আয়োজন করেছে দুই দিনব্যাপী শব্দালোক স্থাপনা ‘মায়ের কাছে যাব’। একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত গতকাল রোববার বিকেলের এই বিশেষ প্রদর্শনীতে আলো ও শব্দের সাহায্যে তুলে ধরা হয় ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া রক্তাক্ত ইতিহাসের কথা।প্রদর্শনীতে ১৫ আগস্ট ঘটে যাওয়া জঘন্য হত্যাকাণ্ডে নিহত প্রায় প্রতিটি চরিত্রকে বিশেষভাবে উপস্থাপন করা হয়। শুধু বঙ্গবন্ধু বা তাঁর শিশুপুত্র রাসেল নয়, সেদিনের ঘটনায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের অনাগত শিশুর কথাও তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। বিকেল সাড়ে চারটা থেকে শুরু করে বিরতি দিয়ে তিনবার প্রদর্শিত হয় ‘মায়ের কাছে যাব’। আজ সমাপনী দিনেও একইভাবে থাকবে আরও চারটি শো। শব্দালোক স্থাপনার পরিকল্পক নাসিরুল হক ।স্টুডিও থিয়েটারে ‘মুজিব মানে মুক্তি’ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। প্রতীকী শেখ মুজিব মঞ্চে তর্জনী তুলে দাঁড়িয়ে আছেন আর প্রকৃত মুজিবের কণ্ঠস্বরে ভেসে এল এই স্বর। মঞ্চের সামনের দর্শক যেন তখন রেসকোর্সে, হারিয়ে গেছে সেই সাতই মার্চের ভাষণে। গতকাল শিল্পকলা স্টুডিও থিয়েটার হলে জাতীয় শোক দিবস উপলক্ষে মঞ্চস্থ হলো নাটক মুজিব মানে মুক্তি। সে নাটকেরই একটি দৃশ্য এটি। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে লিয়াকত আলীর নির্দেশনায় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) এই নাটকটি প্রদর্শন করে। নাটকের শুরুতে নেপথ্য থেকে বেজে ওঠা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চ ঘুরে বেড়ায় শিশু বঙ্গবন্ধু। এভাবেই গল্প এগিয়ে যায়। শুরুতে ভাষা আন্দোলন, এরপর ছয় দফা, ১১ দফা মাঝখানে আগরতলা ষড়যন্ত্র মামলা—সবই মঞ্চে উপস্থাপিত হলো। এরপর সাতই মার্চ। নতুন উদ্যমে বাঙালি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাসংগ্রামে। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা, মুক্তিযুদ্ধ-পরবর্তী বঙ্গবন্ধু সবই মঞ্চস্থ হলো। নাটকটিতে মূল চরিত্র শেখ মুজিব ছাড়া অভিনেতারা সবাই কালো পোশাক পরে অভিনয় করেছেন। আর অভিনয়শিল্পীদের অভিনয়ের সঙ্গে নাটকের দর্শকেরাও যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুনভাবে অনুভব করল।ঢাকা আর্ট সেন্টারে ‘চিরদিনে বঙ্গবন্ধু’ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল শুরু হয়েছে তিন দিনের বিশেষ কর্মশালা। সকালে ‘চিরদিনের বঙ্গবন্ধু’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমদ। কর্মশালায় অংশ নেন শিল্পী বীরেন সোম, নিসার হোসেন, আবদুল মান্নান, অলকেশ ঘোষ, জামাল আহমেদ, শেখ আফজাল, কনকচাঁপা চাকমা প্রমুখ। বিভিন্ন মাধ্যমে তাঁরা বঙ্গবন্ধুর ওপর ছবি আঁকবেন। কর্মশালা চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।বাংলা একাডেমীতে আলোচনা সভাবাংলা একাডেমী আয়োজিত আলোচনা সভার প্রথম পর্বে ‘বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ মাহমুদ। বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক এ টি এম নূরুর রহমান খান, মফিদুল হক ও অধ্যাপক মুহাম্মদ সামাদ। সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অসামপ্রদায়িক দেশ গঠন করতে। একশ্রেণীর মানুষের তা পছন্দ হয়নি। তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে সফল হয়েছে বটে কিন্তু তাঁর মূল্যবোধকে হত্যা করতে পারেনি। দ্বিতীয় পর্বে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’ শীর্ষক ছোটদের জন্য আয়োজিত অনুষ্ঠানে গল্প বলেন রামেন্দু মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কাজী রোজী, বেবী মওদুদ, অধ্যাপক আ ন ম ফারুক। কবিতা আবৃত্তি করে শিশুশিল্পী ধ্রুব। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সুভাষ সিংহ রায়।বঙ্গবন্ধু স্মরণে প্রথম আলো বন্ধুসভাএক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার বঙ্গবন্ধু স্মরণ অনুষ্ঠান শুরু হয়। ‘যদি রাত পোহালে শোনা যেত’, ‘শোন একটি মুজিবরের থেকে’, ‘একাত্তরের মা জননী’, ‘জয় বাংলা’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। ‘মুজিব আমার’ শিরোনামে দলীয় আবৃত্তি পরিবেশন করেন বন্ধুরা। একক আবৃত্তি করেন কাজী সামিউল আজিজ। গতকাল বিকেলে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে গান গেয়ে শোনান জেরিন তাবাসসুম, রোকেয়া ইয়াসমীন, আকরাম, সুমি চক্রবর্ত্তী, রুহুল আমিন প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেন ঢাকা বন্ধুসভার সভাপতি আবেদা সুলতানা ও সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান। উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।