
গোল্ডেন গ্লোব, বাফটাসহ বছরের সেরা সব পুরস্কার আসরের বড় স্বীকৃতিগুলো ঘরে তুলেছে লা লা ল্যান্ড। গতকালের অস্কার পুরস্কারটিও ঘরে নেওয়ার জন্য মেঞ্চ পর্যন্ত উঠে গিয়েছিলেন ছবির প্রযোজকেরা। কিন্তু স্বপ্নভঙ্গের মতোই মোড় ঘুরে গেল। লা লা ল্যান্ড-এর কাছ থেকে হাতে পাওয়া সেরা ছবির অস্কারটি গ্রহণ করল মুনলাইট। আর এর মধ্য দিয়ে অস্কারসন্ধ্যার সবটুকু আলো চলে গেল মুনলাইট-এর ঘরে। এ ফলাফল বাংলাদেশ সময় গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে আটটায় শুরু হয় ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড। শুরুতেই ছিল লালগালিচা পর্ব। বাংলাদেশের দর্শকেরা অনুষ্ঠানটি সরাসরি সোমবার সকাল ছয়টা থেকে উপভোগ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মূল আয়োজন শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে।
৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের সবচেয়ে বড় বিভাগে (সেরা চলচ্চিত্র) মুনলাইট-এর জয় হলেও সর্বোচ্চ জয়ের দিক থেকে লা লা ল্যান্ড এগিয়ে। সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পাওয়া মিউজিক্যাল ছবি লা লা ল্যান্ড এবারের আসরে জিতেছে ৬টি পুরস্কার।
গতকাল ঘটে যাওয়া অস্কারের কিছু আলোচিত দিকে চোখ বোলানো যাক। এবারের অস্কার অনুষ্ঠানে এমন অনেক ঘটনাই ঘটেছে, যাকে ইতিহাস হিসেবে বছরের পর বছর সিনেমাপ্রেমী মানুষেরা মনে রাখবে। সাদা-কালোর সমান সমান জয়, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তিরস্কার, ‘নিষিদ্ধ’ ইরানের অস্কার অর্জন, শেষে এসে ‘সেরা চলচ্চিত্র’ হিসেবে ভুল ছবির নাম ঘোষণাসহ অনেক কারণেই এ বছরের অস্কারের কথা ঘুরেফিরেই মনে পড়বে সবার।
প্রথমেই ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে অস্কার সঞ্চালক ও অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের কঠোর মন্তব্যের কথাই ধরা যাক। এ বছরের জানুয়ারি মাসে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে ট্রাম্পের বিতর্কিত নীতি নিয়ে বেশ কৌশলে সমালোচনা করেছিলেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তাঁর সেই গোল্ডেন গ্লোব মন্তব্যের কোথাও ছিল না ট্রাম্পের নাম, এর পরও ট্রাম্প সেই সমালোচনা নিতে পারেননি। টুইট করে তিনবার অস্কারজয়ী এ অভিনেত্রীকে ‘অতি-মূল্যায়িত’ (ওভার-রেটেড) বলে ঘোষণা দেন। সেই জের টেনেই এবারের অস্কার সঞ্চালক জিমি কিমেল সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে নানাভাবে ব্যঙ্গ করতে শুরু করেন। মঞ্চে উঠেই তিনি সবাইকে স্বাগত জানানোর সময় মেরিল স্ট্রিপকে সেই ‘অতি-মূল্যায়িত অভিনেত্রী’ বলে সম্বোধন করেন। বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব এখানে উপস্থিত অতি-মূল্যায়িত এই অভিনেত্রীকে দাঁড়িয়ে অভিবাদন জানাতে। এর যোগ্য তিনি মোটেও নন, যদিও তিনি ২০ বার অস্কার মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন। এবারও ভালো কোনো সিনেমা করেননি। তার পরও অভ্যাসবশত তাঁকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’ মেরিলকে মঞ্চ থেকেই কিমেল প্রশ্ন করেন, ‘আপনার পোশাকটি কি ইভাঙ্কা ট্রাম্পের (রাষ্ট্রপতির কন্যা) নকশা করা?’ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে অস্কার অনুষ্ঠানে ক্ষণে ক্ষণেই মজা করেছেন কিমেল। কিমেল তাঁর উদ্বোধনী বক্তব্যের একপর্যায়ে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্টকে। এই ধন্যবাদের কারণও ব্যাখ্যা করেন তিনি। কারণ, গত বছরের অস্কারও ট্রাম্পের মতো বর্ণবিদ্বেষী ছিল। তিনি কথার মারপ্যাঁচে বুঝিয়ে দিয়েছেন, ট্রাম্প যদি বর্ণবিদ্বেষী আচরণ না করতেন, তাহলে হয়তো একাডেমি অ্যাওয়ার্ড এত উদার হতো না।
অনুষ্ঠানের একপর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার পেজে টুইট করেন জিমি কিমেল। নিজের ফোন থেকে টুইটার দেখতে দেখতে কিমেল বলেন, ‘এখনো মিস্টার প্রেসিডেন্ট অস্কার নিয়ে কোনো টুইট করলেন না। তাঁকে নিয়ে তো এখন দুশ্চিন্তা হচ্ছে। তিনি ঠিক আছেন তো?’ এই বলে কিমেল ট্রাম্পকে টুইটে লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আপনি কি ঘুম থেকে উঠেছেন?’ এরপর আরেকটি টুইটে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘মেরিল (স্ট্রিপ) আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন।’ (মেরিল সেইস হাই) টুইটটি করার ৫ মিনিটের মাথায় তা ১০ হাজারবার রি-টুইট করা হয়, যা কিমেলের পেজের সর্বোচ্চ রি-টুইট করা টুইট।
বর্ণবৈষম্যের ইস্যু ছাড়াও ট্রাম্পের অভিবাসন নীতি ও সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির নির্দেশের কড়া জবাবও দেওয়া হয়েছে এবারের অস্কারে। বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কার বর্জন করা ইরানি নির্মাতা আসগর ফারহাদির দ্য সেলসম্যান ও সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) বিভাগে সিরিয়ার উদ্ধারকারী স্বেচ্ছাসেবী দলকে নিয়ে নির্মিত দ্য হোয়াইট হেলমেটস-এর জয় চলচ্চিত্র দুনিয়ার একতাকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করেছে। নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে অস্কার গ্রহণের সময় পাঠানো লিখিত বক্তব্যে আসগর ফারহাদি বলেন, ‘আজ আপনাদের সঙ্গে থাকতে না পারায় আমি দুঃখিত। আমি এ অনুষ্ঠান বর্জন করে সম্মান দেখাতে চাইছি আমার দেশের মানুষদের এবং সেই ছয়টি দেশের মানুষদের, যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অসম্মান করেছে যুক্তরাষ্ট্র।’
এদিকে মানবতার বার্তা প্রচার করে বিশ্ববাসীকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না পেয়ে তুরস্কের বিমানবন্দরে আটকে যাওয়া দ্য হোয়াইট হেলমেটস-এর সিরীয় উদ্ধারকর্মী রায়িদ সালেহ। তাঁর লিখিত বিবৃতি পড়ে শোনান এ তথ্যচিত্রের নির্মাতা অরলান্ডো ভন এইনসিয়েডেল। রায়িদ লিখেন, ‘আমাদের ধর্মগ্রন্থে আছে, একটি জীবন বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো। আমি সবাইকে অনুরোধ করব, সবাই জীবন বাঁচানোর জন্য কাজ করো। সিরিয়াসহ বিশ্বের প্রতিটি দেশের রক্তপাত ও সংঘর্ষ বন্ধ হোক।’
আনন্দের অস্কার আসর
বর্জন, সংকট, মানবতাবিরোধী নীতিমালাসহ নানা কারণে অস্কার অনুষ্ঠানকে যেন এবার এক কালো ছায়া ঘিরে ধরেছিল। সেই দমবন্ধ আবহ কাটাতেই হালকা মেজাজের গান দিয়ে শুরু হয় অস্কার অনুষ্ঠান। শুরুতেই সবাইকে সুরে-তালে নাচিয়ে ট্রোলস ছবির ‘কান্ট স্টপ দ্য ফিলিংস’ গান পরিবেশন করেন জাস্টিন টিম্বারলেক। এরপর কমেডিয়ান ও সঞ্চালক জিমি কিমেল ক্ষণে ক্ষণেই হাসিয়ে গেছেন সবাইকে। ছাদ থেকে চকলেট, ক্যান্ডি, কুকিজের ঝরে পড়া, এক বাস সাধারণ মানুষকে হুট করেই অস্কার মিলনায়তনে নিয়ে এসে চমকে দেওয়া, চিরশত্রু অভিনেতা ম্যাট ডেমনের সঙ্গে খুনসুটি—এসবই ভারিক্কি চালের অস্কার আয়োজনকে করেছে হালকা ও উপভোগ্য। জিমি কিমেলের উপস্থাপনায় এ বছর অস্কার যে প্রাণবন্ত হয়েছে, তা নিয়েই এখন আলোচনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে। তবে এই জমজমাট অনুষ্ঠানকে আরও বেশি উপভোগ্য করার পেছনে জিমি কিমেলের রসিকতার পাশাপাশি অস্কার কর্তৃপক্ষের ভুল ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিমালারও রয়েছে সমান অবদান।
এবারের অস্কারে সেরা ছবি হতে না পারলেও সেরা পরিচালকের অস্কার অবশ্য গেছে লা লা ল্যান্ডের পরিচালক ৩২ বছরের ডেমিয়েন সেজেলের কাছে। তিনি সবচেয়ে কম বয়সে সেরা পরিচালকের অস্কার পেয়েছেন। লা লা ল্যান্ড থেকে সেরা অভিনেত্রীরও অস্কার পেয়েছেন এমা স্টোন। ম্যানচেস্টার বাই দ্য সি থেকে সেরা অস্কার পাওয়া কেসি অ্যাফ্লেক আরেক কৃতী পরিচালক–অভিনেতা বেন অ্যাফ্লেকের ভাই। সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীর অস্কার পেয়েছেন মুনলাইট থেকে মাহেরশালা আলি ও ফেন্সেস থেকে ভায়োলা ডেভিস। দুজনেই কৃঞ্চাঙ্গ। আর মাহেরশালা আলি হলেন অভিনেতা হিসেবে অস্কার পাওয়া প্রথম মুসলিম।
গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলেস টাইমস, এবিসি অনলাইন ও একাডেমি পাবলিসিটি বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অবলম্বনে।