আলো ঝলমলে মঞ্চে আবারও 'উইন্ড অব চেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো ঝলমলে মঞ্চ। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন এমা এমিলিয়া নোভা। তিনি রাশিয়ার অপেরাশিল্পী। তাঁর চারপাশে বিভিন্ন যন্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছেন আরও বেশ কয়েকজন ভিনদেশি যন্ত্রশিল্পী। মঞ্চের এক পাশে বসেছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পূর্ণ মনোযোগে চোখ বন্ধ করে ধরলেন নতুন গান ‘কাঠের বাড়ি’। সঙ্গে সঙ্গে জেগে উঠল মধ্যরাতের নীরবতায় ডুবে থাকা বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) ৯ নম্বর ফ্লোর। এভাবেই গত মঙ্গলবার রাত থেকে শুরু হলো গান বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন মৌসুমের শুটিং।

(বাঁ থেকে) ‘উইন্ড অব চেঞ্জ’–এর চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, পিয়ানোশিল্পী এনা ভাইভ, ড্রামার টনি পার্কার, অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, ভায়োলিন বাদক এনা রাকিতা, বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, সংগীতশিল্পী তাপস, সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জি ও গিটারিস্ট সঞ্জয় দাস
(বাঁ থেকে) ‘উইন্ড অব চেঞ্জ’–এর চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, পিয়ানোশিল্পী এনা ভাইভ, ড্রামার টনি পার্কার, অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, ভায়োলিন বাদক এনা রাকিতা, বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, সংগীতশিল্পী তাপস, সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জি ও গিটারিস্ট সঞ্জয় দাস

শুরুর দিন শুধু গান গেয়েই নয়, সামনে থেকে পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিলেন গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। গান শেষ করে এসে বসলেন প্রথম আলোর সঙ্গে। বলেন, উইন্ড অব চেঞ্জের আগের দুটি মৌসুম ছিল ‘প্রি-সিজন’। এবারের কিস্তিকে বলছি, ‘সিজন ১’। কারণটাও বুঝিয়ে বললেন অকপটে, ‘আমরা আগের দুটি প্রি-সিজনকে নিয়েছিলাম প্রস্তুতিপর্ব হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশের যন্ত্রশিল্পীদের (মিউজিশিয়ান) সঙ্গে যোগাযোগ করেছি। সবাই আমাদের কাজগুলো দেখেছেন। এখন বেশ আগ্রহ নিয়ে আমাদের এখানে আসছেন। বাংলাদেশের শ্রোতাদের গানের নতুন স্বাদ দিতেই আমরা এ অনুষ্ঠান করছি।’

বাংলা গানের যে ধারা পরিবর্তনের কাজ শুরু করেছেন কৌশিক, তাঁর সঙ্গী এবার অনেকেই হচ্ছেন—এসব তথ্য জানালেন গান বাংলার চেয়ারপারসন ও উইন্ড অব চেঞ্জের ক্রিয়েটিভ ডিরেক্টর ফারজানা মুন্নী। বলেন, এবার উইন্ড অব চেঞ্জে গাইবেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সেলিম চৌধুরীর মতো শিল্পীরা। দুই ধাপে হবে শুটিং। এতে প্রায় ২০ জন বিদেশি শিল্পী অংশ নেবেন। তিনি আরও বলেন, এরই মধ্যে প্রথম ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন আটজন শিল্পী। এ তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, একই দেশের ভায়োলিন বাদক এনা রাকিতা ও বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, সেতার বাদক ভারতের পূর্বায়ন চ্যাটার্জি ও গিটারিস্ট সঞ্জয় দাস।

রাত ১১টায় শুরু হয়ে শিল্পীদের নিয়ে রাত আড়াইটা পর্যন্ত চলে উইন্ড অব চেঞ্জের শুটিং। এত এত শিল্পীর সারা রাতের পরিশ্রম এবং দারুণ কিছু গান উপভোগ করা যাবে আগামী ঈদুল ফিতরের গান বাংলার অনুষ্ঠানমালায়।