আলো-শব্দে ৪০০ বছরের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সবে সন্ধ্যা নেমেছে। হালকা বৃষ্টির ফোঁটা ঝরছিল লালবাগ কেল্লার খোলা চত্বরে। মেঘলা আকাশ, তাই সন্ধ্যা নামতেই অন্ধকারে আচ্ছন্ন চারদিক। হঠাৎ দুর্গের এক পাশের দেয়ালে দেখা গেল পানির ঢেউয়ের প্রতিচ্ছবি। ভেসে এল পানির কলকল শব্দ। আলো-শব্দে দর্শক দেখল ৪০০ বছরের রাজধানী ঢাকা আর বাংলাদেশের ইতিহাস।ঢাকার ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী লালবাগ কেল্লা। ঢাকার ঐতিহ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য লালবাগ কেল্লায় শুরু হচ্ছে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। এতে প্রযুক্তির মাধ্যমে চোখের সামনে ভেসে উঠবে ঢাকার ৪০০ বছরের ইতিহাস। গতকাল সোমবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের সামনে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিবেশিত এ ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’তে দেখা গেছে মোগল আমলের যুদ্ধবিগ্রহ, ইতিহাস, সাংস্কৃতিক কর্মকাণ্ড আর ঐতিহাসিক এই কেল্লার কর্মচাঞ্চল্য ও বিয়োগান্ত ঘটনা। আলোকরশ্মির সাহায্যে প্রতিটি ভবনের দীপ্তিময় উপস্থাপনের সঙ্গে শব্দের সাহায্যে অতীতের নানা ঘটনা স্মরণ করিয়ে দেওয়া হয়। আয়োজকদের দাবি অনুযায়ী এটিই প্রথমবারের মতো বাংলাদেশে লেজার শোর নিয়মিত প্রদর্শনী। এর স্থায়িত্ব ৩০ মিনিট।প্রদর্শনীতে গতকাল উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সচিব রণজিৎ কুমার বিশ্বাস, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মবিন চৌধুরী, শরিফউদ্দিন আহমেদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আতাউর রহমান, লাগবাগ কেল্লার কাস্টডিয়ান সুলতানা জাকিয়া, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আফজাল হোসেন প্রমুখ। আয়োজকেরা জানান, খুব শিগগির এটি সাধারণ দর্শকের জন্য নিয়মিত প্রদর্শনী করা হবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ক্রিয়েশন আনলিমিটেড। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ইমপ্রেস টেলিফিল্ম, মাত্রা এবং কালারস অব বাংলাদেশ। পরিবেশনাটির পাণ্ডুলিপি লিখেছেন সৈয়দ শামসুল হক। কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও শিমূল ইউসুফ। লাগবাগ কেল্লার কাস্টডিয়ান সুলতানা জাকিয়া জানান, এটি বর্ষাকাল এবং সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বছরের অন্য দিনগুলোতে নিয়মিতভাবে প্রদর্শিত হবে।নজরুলকে কোন পরিচয়ে জানবগতকাল সোমবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী ‘নজরুল ইসলামকে কোন পরিচয়ে জানব’ শীর্ষক একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার হলে এই আয়োজনে একক বক্তৃতা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক শামসুজ্জামান খান। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নজরুলের শিল্পকর্মের নেপথ্যে চিরকালীন মানবের মুক্তির অঙ্গীকার লুক্কায়িত ছিল। শুধু স্বাধীনতা নয়, সাম্যের আবশ্যকতার কথাও তিনি বারবার বলে গেছেন তাঁর কালজয়ী সৃষ্টিতে। তিনি মনে করতেন, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, নজরুল কোনো বিশেষ কাল-সমাজ বা গোষ্ঠীর পরিচয়ে আবদ্ধ নন। বরং এসব সীমানা পেরিয়ে এক উদার আকাশপথের যাত্রী, যেখানে সব দেশ-কাল-ধর্মের মানুষের মুক্তির অঙ্গীকার সূচিত আছে।