আলোকচিত্র উৎসব শুরু
আলোকচিত্র শুধু ঘটনার পরিক্রমা নয়, বরং এর সংরক্ষণের মাধ্যমে প্রকৃত ইতিহাস তুলে ধরা যায়। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের ইতিহাসের ঘটনাপ্রবাহ ধরে রাখতে হলে এগুলোর আলোকচিত্র সংরক্ষণ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে সপ্তাহব্যাপী ডেল-ডিইউপিএস আলোকচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই অভিমত তুলে ধরলেন মুক্তিযোদ্ধা ও খ্যাতনামা আলোকচিত্রীরা। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে ‘আলোয় আঁকি আগামীর পৃথিবী’ স্লোগান সামনে রেখে সকালে টিএসসি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আলোকচিত্রীদের ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমীর চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এরপর প্রদর্শনী স্থানান্তরিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীতে ১৫৯টি ছবি রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, নতুন প্রজন্মের আলোকচিত্রীদের উচিত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবিগুলোকে সংরক্ষণ করা। কারণ, এই ছবিগুলো ইতিহাসের সত্যকে জীবন্ত করে রাখে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ডাকসুর সাবেক জিএস ও ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানসহ নবীন আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।