আলোকচিত্র প্রদর্শনী ‘কল্পনা চাকমার সন্ধানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগের কথা। ১৯৯৬ সালের ১২ জুনের মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে তাঁর নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। প্রশাসন আজ পর্যন্ত কল্পনাকে উদ্ধার এবং তাঁর অপহরণের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। কল্পনা অপহরণ ঘটনার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের চিত্র বহির্বিশ্বে আলোচিত হয়। শহিদুল আলম ও সায়দিয়া গুলরুখ মৌখিক ইতিহাস, আলোকচিত্র ও ফরেনসিক গবেষণাপদ্ধতির সাহায্যে সেই অভিশপ্ত রাতের কতগুলো দৃশ্য আঁকার চেষ্টা করেছেন, যে দৃশ্যগুলোর বিষয়ে ১৭ বছর ধরে বিভিন্ন সরকার নীরবতা পালন করে চলেছে। কল্পনা চাকমা অপহরণ দিবসে গতকাল বুধবার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘কল্পনা চাকমার সন্ধানে’ শিরোনামে ব্যতিক্রমী এক আলোকচিত্র প্রদর্শনী। আয়োজকেরা প্রদর্শনীটিকে বিশেষায়িত করেছেন ‘আলোকচিত্র-ফরেনসিক স্টাডি’ নামে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, প্রতিবছর কল্পনা চাকমা অপহরণ দিবস পালন করে আসছে চট্টগ্রামের তিনটি জেলার পাহাড়ি সংগঠন। এ বছর কল্পনা অপহরণ দিবসে তাদের প্রতিবাদের উচ্চারণের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে দৃক গ্যালারি।প্রদর্শনী চলবে ২১ জুন প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।জহির রায়হান চলচ্চিত্র উত্সবশিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র উত্সব। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় উত্সবটি হবে একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রতিদিন বিকেল তিনটা থেকে পাঁচটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।উত্সবের প্রথম দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উত্সবের উদ্বোধন করবেন চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ছয়টায় দেখানো হবে কাচের দেয়াল। আগামীকাল শুক্রবার বিকেল তিনটা এবং সন্ধ্যা ছয়টায় যথাক্রমে প্রদর্শিত হবে স্টপ জেনোসাইড ও বেহুলা। শনিবার একই সময়ে দেখানো হবে টাকা আনা পাই ও জীবন থেকে নেয়া।শহীদ কাদরী পেলেন মযহারুল ইসলাম কবিতা-পুরস্কারবাংলা একাডেমী পরিচালিত মযহারুল ইসলাম কবিতা-পুরস্কার (২০১২) পেলেন কবি শহীদ কাদরী। গতকাল বুধবার বিকেলে একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। মযহারুল ইসলামের পরিবারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহমুদা ইসলাম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।যুক্তরাষ্ট্র-প্রবাসী কবি শহীদ কাদরীর পক্ষে মযহারুল ইসলাম কবিতা-পুরস্কার ২০১২ গ্রহণ করেন তাঁর নিকটাত্মীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হক। তাঁর হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি ও মহাপরিচালক। অনুষ্ঠানে বক্তারা বলেন, মযহারুল ইসলাম অনেক গুরুত্বপূর্ণ পদে থেকেও কবিসত্তা থেকে কখনো বিচ্যুত হননি। এই কবিতা পুরস্কারের মধ্য দিয়ে মযহারুল ইসলাম উত্তর প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন।ছায়ানটের দেশঘরের গানওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের বার্ষিক দেশঘরের গানের অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার। দুই দিনের এই অনুষ্ঠান হচ্ছে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। আজ বিকেল সাড়ে পাঁচটায় দেশঘরের গানের উদ্বোধন করবেন সংস্কৃতিসেবী মো. হাসেম।গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয়, দেশঘরের গান নিয়ে নিয়মিত আয়োজন হয়ে থাকে সংস্কৃতিকর্মী ওয়াহিদুল হকের জন্মদিন ১৬ মার্চের কাছাকাছি সময়ে। কিন্তু সে সময় দেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারের আয়োজন পিছিয়ে যায়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের লোকগানের উত্সবে যুক্ত হয়েছে চট্টগ্রামের ভান্ডারি গান, জয়পুরহাটের আদিবাসী ওরাঁও দলের বিয়ে ও কারামনৃত্য, রাজশাহীর কাজী বাচ্চু ও তাঁর দলের বারোসিয়া গান, ফরিদপুরের মঙ্গলচন্দ্র মণ্ডল ও তাঁর দলের পদাবলি পালা কীর্তন, ময়মনসিংহের বাউল সুনীল কর্মকার ও বাউল সিরাজউদ্দিন খান পাঠানের মালজোড়া গান, লক্ষ্মীপুরের কেয়া যাত্রা ইউনিটের মাসুম চৌধুরী ও তাঁর দলের যাত্রাপালা রূপবান এবং সুনামগঞ্জের মলয় চক্রবর্তী, রাজু ও উর্মী দাসের হাসন রাজার গান। এ আয়োজনে ছায়ানটকে সহযোগিতা দিচ্ছে গ্রামীণফোন।