আলোকচিত্র হয়ে উঠেছে চিত্রকলা
ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে, সাধারণ দর্শকের তা দেখে একটু খটকা লাগতে পারে। কিছু কিছু ছবি দেখে মনে সন্দেহ জাগতে পারে—এগুলো আসলে চিত্রকর্ম, নাকি আলোকচিত্র? কেননা প্রদর্শনীর ছবিগুলো আলোকচিত্র হলেও এর কিছু কিছু ছবি দেখে মনে হওয়াটাই স্বাভাবিক যে এগুলো বিমূর্ত কোনো চিত্রকর্ম। বড় ফ্রেমের মধ্যে নিজের তোলা আলোকচিত্রের ওপর ভিন্নধর্মী কাজ করে এবং ভিন্নভাবে ছবি তুলে দর্শকদের অনেকটাই চমকে দিয়েছেন ফরাসি আলোকচিত্রী জাঁ ফিলিপ্পে পেরনট।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে ২৭ আগস্ট প্রখ্যাত ফরাসি আলোকচিত্রী জাঁ ফিলিপ্পে পেরনটের ‘অ্যাপারিশনস অ্যান্ড সিনেগ্রাফিকস’ শীর্ষক একক প্রদর্শনী শুরু হয়।গত শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী শহিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স প্যাট্রিক ব্র্যাঙ্কো।প্রদর্শনীতে শিল্পীর ২৩টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রথাগত আলোকচিত্রের ঢং থেকে বেরিয়ে এই শিল্পে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছেন জাঁ ফিলিপ্পে। বেঙ্গল গ্যালারির দেয়ালে দেয়ালে বড় আকারের ফ্রেমে ঠাঁই পেয়েছে এসব আলোকচিত্র। ফ্রেম এতই বড় যে কোনো কোনো দেয়ালজুড়ে কেবল একটি ছবিই রয়েছে। প্রতিটি আলোকচিত্রের মধ্যেই রয়েছে একধরনের রঙের প্রভাব। সেই সঙ্গে ক্যামেরার ক্লিকে শিল্পী বিমূর্ততার প্রকাশ ঘটানোরও চেষ্টা করেছেন।প্রদর্শনী আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।ফরাসি আলোকচিত্রী জাঁ ফিলিপ্পে পেরনট ১৯৬৬ সালে ফ্রান্সের সিটি অব এমিয়েন্সে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তাঁর বহু একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। টোকিও, ম্যাজেন্টা প্যারাডাইস, ম্যাজেন্টা হেল, রুপেস্ট্রাল এক্সপ্রেশনস শীর্ষক বিভিন্ন প্রকাশনার ডিজিটাল সংস্করণে তাঁর আলোকচিত্র ছাপা হয়েছে।ফ্রান্সে শিল্পী গুলশান হোসেনের চিত্রকর্মবাংলাদেশের চিত্রশিল্পী গুলশান হোসেনের চিত্রকর্ম এবার ফ্রান্সে প্রদর্শিত হতে যাচ্ছে। তিন সপ্তাহের আন্তর্জাতিক চিত্রকর্ম সিম্পোজিয়ামে অংশ নিতে গুলশান হোসেন এরই মধ্যে গতকাল শনিবার ফ্রান্সের নরম্যান্ডিতে গেছেন। বিশ্ব্যব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের সেরা চিত্রশিল্পীদের নির্বাচিত ২৫ শিল্পীর মধ্যে গুলশান হোসেন একজন। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদেই ওই সিম্পোজিয়ামে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের এই শিল্পী। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নরম্যান্ডির সেইন্ট এল-৬-এর প্রদর্শনী হলে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। আর এখানে নিজের চিত্রকর্মের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে নিজেকে। বাংলাদেশের চিত্রকর্মের ধারণা ও চিত্রকলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে শিল্পীর চিত্রকর্মে। প্রদর্শনীর ছবিগুলো নিয়ে এমনটাই বললেন শিল্পী গুলশান হোসেন। সারা বিশ্বের চিত্রকর্মের ধারণা বিনিময় করাটা এই সিম্পোজিয়ামের অন্যতম কারণ। আর তাই শিল্পীর আঁকা ছবিতে প্রকাশ পাবে বাংলাদেশ।