আলোকচিত্রী পেটালেন প্যারিস!
সম্প্রতি বিলি ব্যারেরা নামের এক আলোকচিত্রীর গায়ে হাত তুলেছেন মার্কিন মডেল ও টিভিব্যক্তিত্ব প্যারিস হিলটন। বিলি দাবি করেছেন, মধ্যরাতে পার্টি থেকে বের হওয়ার সময় মদ্যপ প্যারিসের ছবি তোলার কারণেই কয়েকজন বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন প্যারিস।এ প্রসঙ্গে বিলির উদ্ধৃতি দিয়ে রাডার অনলাইন জানিয়েছে, ‘২৬ জুন মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে একটি পার্টি শেষ করে বের হচ্ছিলেন প্যারিস। তাকে দেখামাত্রই ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করি। এর কিছুক্ষণ পর হঠাত্ করে তার এক কর্মচারী আমার হাত থেকে ক্যামেরাটি কেড়ে নিতে উদ্যত হন। একপর্যায়ে প্যারিস আমার গায়ে হাত তোলেন। আমি সরে যেতে চাইলে তিনি বাধা দেন এবং আমার ঘাড় ধরে ঝুলতে থাকেন। এরপর কয়েকজন বন্ধু-বান্ধব মিলে আমার ওপর হামলে পড়েন।’বিলি বলেন, ‘একপর্যায়ে আমি সাহায্য চেয়ে চিত্কার দিলে অন্য পাপারাজ্জিরা ছুটে আসেন এবং আমাকে মারার দৃশ্য ভিডিওতে ধারণ করেন। প্যারিসকে দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছি, তিনি মদ্যপ ছিলেন। পরে ঘটনাটি চেপে যাওয়ার জন্য তিনি আমার সঙ্গে দফা-রফারও চেষ্টা করেন।’