আলোকচিত্রীর গায়ে হাত তুললেন বিবার!
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক আলোকচিত্রীর গায়ে হাত তুলেছেন কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। গায়ে হাত তোলায় সেই আলোকচিত্রী বিবারের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেছেন বলেই জানিয়েছে টিএমজি।ক্যালিফোর্নিয়ার এক বিপণিবিতানে প্রেমিকা সেলেনা গোমেজকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন বিবার। সেখান থেকে বের হওয়ার পর এক আলোকচিত্রী তাঁদের ছবি তোলার চেষ্টা করলে হঠাত্ই সেই আলোকচিত্রীর দিকে তেড়ে যান বিবার এবং সেই আলোকচিত্রীর গায়ে হাত তোলেন।এ ঘটনায় পুলিশে খবর দেন ওই আলোকচিত্রী। তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলেও উল্লেখ করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য কিছু সময় পরই হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয় তাঁকে। এ ঘটনায় ‘নেভার সে নেভার’খ্যাত ১৮ বছর বয়সী এ পপগায়কের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেন ওই আলোকচিত্রী।অবশ্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ ঘটনায় বিবারের তেমন কোনো দোষ নেই। বিপণিবিতান থেকে বের হয়ে বিবার আর সেলেনা গাড়িতে ওঠেন। সে সময় বিবারের গাড়ির সামনে গিয়ে ছবি তোলার চেষ্টা করেন ওই আলোকচিত্রী। একপর্যায়ে গাড়ি থেকে নেমে আসেন বিবার এবং তাঁকে সরে যেতে অনুরোধ করেন। কিন্তু কথা না শোনায় তাঁর গায়ে হাত তোলেন বিবার।কয়েকজন প্রত্যক্ষদর্শী এমনও দাবি করেছে, এ ঘটনার পরপরই একজন আইনজীবী ওই আলোকচিত্রীকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। পুলিশি অভিযোগ দায়ের করার পরামর্শও দেন ওই আইনজীবী।