শরতের আকাশ। নিচে পাহাড়ে দুটি ঘর। বাঁশের ওপর তৈরি কাঁচা একটি ঘরের জানালায় বসে অপলক তাকিয়ে আছেন একজন আদিবাসী নারী। একটু এগিয়ে গিয়ে মিলল চার নৃত্যরত আদিবাসী নারী। পাশেই আরেকটি ছবিতে স্নান করে পাহাড়ি মেঠোপথে ঘরে ফেরা নারী। সবার মুখে হাসি। পাশেই আছে শিকার করে রান্নায় মেতে ওঠা তরুণেরা। ধানমন্ডির দৃক গ্যালারিতে আদিবাসীদের এ খণ্ডচিত্র ধরা পড়েছে আলোকচিত্রী এস এম কামালের ক্যামেরায়। গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোকচিত্রের বিষয় পার্বত্য চট্টগ্রামের ‘বম’ সম্প্রদায়ের জীবনযাপন। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল নাচ ও গানের আয়োজন। বম সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বেশ কয়েকটি স্থানীয় গান ও নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আলোকচিত্রী আনোয়ার হোসেন। মোট ৯৯টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। আদিবাসীদের ঐতিহ্যের পাশাপাশি তাঁদের প্রাত্যহিক যাপিত জীবনও ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। প্রদর্শনী চলবে ৯ জুন পর্যন্ত। ‘খুদে ক্যানভাস’ চিত্র প্রদর্শনীখুদে আঁকিয়েদের ইশকুল চারুপাঠের উদ্যোগে গতকাল থেকে শিশুদের পাঁচ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর মিরপুরের ১২/৩২ রূপনগর আ/এ চারুপাঠ আর্ট স্কুলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউডা চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী শাহ্জাহান আহমেদ। প্রদর্শনীতে ২৭ খুদে শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। মাছরাঙা, ঘুড়ি উৎসব, গরুর গাড়ি, প্রাকৃতিক দৃশ্য, নকশা, বিড়াল ছানা, ভাষা আন্দোলন, শিশুশ্রমিক, সাপুড়ে, মাছ—এ রকম নানা বিষয় নিয়ে আঁকা ছবিতে শিশুমনের রঙিন সারল্যের প্রকাশ ঘটেছে। কেউ জলরং, কেউবা পেস্টাল রং, যার যে মাধ্যম পছন্দ তাতেই সাজিয়েছে ক্যানভাস। প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত।নিখিল সেনের কর্মময় জীবন সঞ্চারক প্রকাশনার মোড়ক উন্মোচন বরিশাল অফিস জানায়, গত বুধবার বরিশাল তথা দক্ষিণাঞ্চলের বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের ৮১ বছর বয়সের কর্মময় জীবন নিয়ে রচিত নানা অভিমতে পথিকপ্রবর নিখিল সেন পথপরিক্রমার আশি বছর সঞ্চারক প্রকাশনার মোড়ক খোলা হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের রজনীগন্ধা মিলনায়তনে উদীচী বরিশাল এবং বরিশাল নাটকের আয়োজনে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনকর্মীদের সরব উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন উত্তম ও পণ্ডিত মানুষ নিখিল সেন রাজনৈতিক দর্শনে উজ্জীবিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি যেমন সমাজের মাইলফলক, তেমনি পথপ্রদর্শকও। আবৃত্তি, নাটক, সেতারবাদনসহ সংস্কৃতির বিভিন্ন দিকে বিচরণ তাঁর। একজন সুবক্তা হিসেবেও সমধিক পরিচিত নিখিল সেন। নিখিল সেন বলেন, ‘রাজনীতিবিবর্জিত সংস্কৃতি অর্থহীন। আবহমান বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করা আমাদের একান্ত কর্তব্য। আমরা যেন সস্তা বিনোদন চর্চায় লিপ্ত না হই।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান, সাংসদ তালুকদার মো. ইউনুস, প্রবীণ সাংবাদিক ও লেখক এস আলী মোহামঞ্চদ, মুক্তিযোদ্ধা গণসংগীতশিল্পী আক্কাস হোসেন, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, সমাজসেবক রাখাল চন্দ্র দে, নারী নেত্রী পুষ্প গুহ প্রমুখ।