
বাংলাদেশি আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন প্রায় ২৫ বছর আছেন ফ্রান্সে। দীর্ঘ এ সময়ের গল্প এবার তিনি বলতে চান আলোকচিত্র দিয়ে।
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল থেকে শুরু হলো আনোয়ার হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রেঞ্চ ডায়েরিজ: টোয়েন্টি ফাইভ ইয়ারস, টোয়েন্টি ফাইভ ইমেজেস’। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন ফরাসি আলোকচিত্রী পিয়েরে ক্লাকেঁ ও বাংলাদেশি আলোকচিত্রী নাসির আলী মামুন। ছিলেন আলিয়ঁসের পরিচালক ব্রুনো প্লাস।
আনোয়ার হোসেন বলেন, ‘একবার ২৫০ কিলোমিটার গাড়ি চালানোর পর ফরাসি চালক জানতে পারলেন যে আমি একজন শিল্পী। এরপর তাঁকে আর কিছুতেই পয়সা দেওয়া গেল না। ফরাসিদের কাছে শিল্প ও শিল্পীর মূল্য এতটাই!’ তিনি বলেন, ২৫ বছর ধরে যে দৃশ্যগুলো দেখে তিনি আন্দোলিত হয়েছেন, সেগুলোই আছে প্রদর্শনীতে।
অনুষ্ঠানের পর শিল্পী অতিথিদের ঘুরে ঘুরে ছবিগুলো দেখাচ্ছিলেন। বলছিলেন ছবিগুলোর পেছনের গল্প।
একটি ছবির গল্পের নায়ক মিজান। ফ্রান্সে বেঁচে থাকার জন্য প্রতিদিন তাঁকে সংগ্রাম করে যেতে হয়। ছবিতে তিনি দাঁড়িয়ে আছেন সংগ্রামের প্রতীক ‘জোয়ান অব আর্ক’ ভাস্কর্যের সামনে।
আরেকটি ছবিতে দেখা যায় অভিবাসী এক বাঙালি জুটিকে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হয়ে সেখানে কাজ করতেন তাঁরা। স্ত্রীর হাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ফরাসি দেশ নিয়ে একটি বই—ছবির দেশে কবিতার দেশে।