আলোকচিত্রে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির ভাস্কর নভেরা প্রদর্শনী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন অতিথিরা ছবি প্রথম আলো
বাংলা একাডেমির ভাস্কর নভেরা প্রদর্শনী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন অতিথিরা ছবি প্রথম আলো

বাংলা একাডেমিতে ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষে শুরু হলো সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর আলোকচিত্রগুলো সংগ্রহ করেছেন সাংবাদিক প্রণব সাহা (অপু)।
শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধনীতে স্বাগত ভাষণ বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা যখন বাংলাদেশের কথা বলি, তখন আমাদের বঙ্গবন্ধুর কথা বলতে হয়, যখন বঙ্গবন্ধুর কথা বলি, তখন বাংলাদেশের কথা বলা হয়ে যায়। এ জন্যই ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বলেছিলেন, এই নেতার সঙ্গে তাঁর দেশের কোনো বিভেদ নেই, তাঁর সত্তাই তাঁর জাতির সত্তা। অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সমাজের সাধারণ স্তর থেকে একটি জাতির সৃষ্টি করেছেন। আজকের প্রদর্শিত আলোকচিত্র থেকে বাঙালি জাতির উত্থানপর্ব এবং স্বাধীনতায় বঙ্গবন্ধুর বহুমাত্রিক অবদান সম্পর্কে ধারণা পাওয়া যায়।’
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই প্রদর্শনীতে যে সাদাকালো আলোকচিত্র দেখতে পাচ্ছি, সেখানে একজন ব্যক্তির আলেখ্য ফুটে উঠেছে, যিনি বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম দিয়েছেন। বাংলাদেশের জনগণকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার পথে চলতে শিখিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে আগামী প্রজন্ম যাতে ঠিকভাবে চিনতে পারে এবং বুঝতে পারে, সে জন্য বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করা প্রয়োজন।
স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘এ ধরনের আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর বহুমাত্রিকতা সম্পর্কে জানতে পারি। বঙ্গবন্ধু এখনো সম্পূর্ণ আবিষ্কৃত বা উন্মোচিত নন। আলোকচিত্র, চলচ্চিত্র, তথ্যচিত্র এবং এ ধরনের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারি।’
কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ বলেন, বঙ্গবন্ধুর বহুমাত্রিক জীবন নিয়ে আরও অনেক আর্কাইভস সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে নতুন নতুন ইতিহাস বের হয়ে আসতে পারে।