আলোকচিত্রে বর্ণময় জীবনের গল্প
চারিদিক পানিতে থইথই। মাঝখানে ভেলা ভাসিয়েছে এক তরুণ। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল এক বৃদ্ধা সিঁড়ির বারান্দায় বসে কাগজ-কলম নিয়ে লেখায় মগ্ন হয়ে আছেন। ছবির নাম ‘অপ্রতিরোধ্য ইচ্ছা’। পাশের ছবিটি রঙিন। চারপাশে নীল দেয়াল। তার সামনে আকাশ ছোঁয়ার স্বপ্নে লাফ দিয়েছে এক তরুণী। দুহাতে ঢেকে রেখেছে মুখ। যেন আকাশ ছোঁয়ার ইচ্ছা প্রকাশ করায় সে লজ্জিত। ছবির নাম ‘লজ্জাবতী’। সাদা দেয়ালের গা বেয়ে গেছে দুটি তারা। আর তাতে সারি বেঁধে বসে আছে এক ঝাঁক চড়ুই। যেন এক আনন্দ আড্ডা চলছে। কোনটি অলস ভঙ্গিমায় সঙ্গীর দিকে তাকিয়ে। এমনই বিষয়ের ছবি ‘কম্পোজিশন’। এ ধরনের বিচিত্র সব আলোকচিত্র নিয়ে গতকাল বিকেল থেকে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে এই প্রদর্শনীর এটি সপ্তম আসর। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এস এ এম খায়রুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন আলী যাকের। প্রদর্শনীতে একক ছবি এবং আটটি ফটো-স্টোরি থেকে বিভিন্ন বিভাগে ৩৭টি পুরস্কার ঘোষণা করা হয়। ১৫ জুলাই শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় বিকেল চারটায় পুরস্কার বিতরণ করা হবে এবং প্রদর্শনীটি সেখানে স্থানান্তর করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ বছর প্রদর্শনীর জন্য দেশ-বিদেশের ১৫২ জন আলোকচিত্র শিল্পীর ২৩৯টি একক ছবি নির্বাচন করা হয়েছে। ১৫টি দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রীরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্র শিল্পী শফিকুল আলম কিরন, মুনেম ওয়াসিফ এবং এন্ড্রু বিরাজের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল ছবিগুলো নির্বাচন করেছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, মিসর, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, পানামা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাজ্য ও বাংলাদেশ।ছবিগুলোকে সাদাকালো ও রঙিন এই দুটি মূল বিভাগে ভাগ করা হয়েছে। এই দুটি বিভাগকে আরও আটটি উপবিভাগে ভাগ করা হয়েছে—অ্যাকশন, নেচার, পোর্ট্রেট, স্টিল লাইফ, আর্কিটেকচার, লাইফ, ল্যান্ডস্কেপ ও ফটো-স্টোরি।