আলোকচিত্রে বাংলাদেশের ঐতিহ্য
আবদুর রব দুলালের তোলা দেশের কিছু ইতিহাসখ্যাত ও দর্শনীয় স্থানের আলোকচিত্র নিয়ে গতকাল শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে এক প্রদর্শনী। ‘হেরিটেজ অ্যান্ড প্যানারমিক বিউটি অব বাংলাদেশ’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক দ্রষ্টব্যের ছবি। এর মধ্যে আছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, ঢাকার আহসান মঞ্জিল, নারায়ণগঞ্জের সোনাকান্দা বন্দর। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাবেদ ইকবাল, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ও ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ার লিটভাইন। প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা, শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।