আলোকচিত্রে বাংলাদেশের পাখি

‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই?...’ ‘কোথায় ডাকে দোয়েল শ্যামা-ফিঙে নাচে গাছে গাছে? কোথায় জলে মরাল চলে-মরালী তার পাছে পাছে?’ বাংলা কাব্যে এভাবেই বারবার পাখি প্রসঙ্গ এসেছে। প্রকৃতিতে এখন পাখির দেখা কম মেলে। কংক্রিটের এ নগরে তো দেখাই যায় না। শহরের মানুষের পাখি দেখার সুযোগ এসেছে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। সেখানে আজ বিকেলে শুরু হয়েছে বাংলাদেশের পাখি নিয়ে ‘পাখির দেশ বাংলাদেশ’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী। দেশের সব প্রজাতির পাখি পর্যায়ক্রমে তুলে ধরার প্রত্যয়ে বাংলাদেশ বার্ড ক্লাব ও জাতীয় জাদুঘর যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৮ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান ও রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন প্রদর্শনীর কিউরেটর ইনাম আল হক ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান।
বাংলাদেশের ১০২ প্রজাতির পাখির ছবি নিয়ে বড় পরিসরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যদের তোলা ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ৪৬ জন আলোকচিত্রীর ছবি নিয়ে এই আয়োজন। গত বছর অনুষ্ঠিত হয়েছে ‘পাখির দেশ বাংলাদেশ’ শীর্ষক ১ম প্রদর্শনী। এবার ২য় বারের মতো আয়োজন।

প্রদর্শনীর উদ্বোধক বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান বলেন, ‘যারা পাখিপ্রেমিক, তারা নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ভালোবাসে। পাখি মুক্তির প্রতীক।’
প্রদর্শনীর আরেক উদ্বোধক রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বাংলাদেশের পাখি নিয়ে এই অভিনব প্রদর্শনীতে এসে আমি মুগ্ধ। পাখি নিয়ে বলতে গেলে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। তাঁর গানে পাখি বন্ধনমুক্তির প্রতীক হিসেবে উঠে এসেছে।’
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিষয়ক প্রখ্যাত গবেষক এবং এ প্রদর্শনীর কিউরেটর ইনাম আল হক বলেন, ‘‘আমরা দেশের সব প্রজাতির পাখি ১০টি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরব। আমরা পাখি নিয়ে বৈজ্ঞানিক উপায়ে নানা কাজ করছি।’
১১ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং শুক্রবার আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী করতে পারবেন যে কেউ।