আলোকচিত্রে মানুষের জীবনের সাদামাটা গল্প

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে আলোকচিত্রী জয় কে রয় চৌধুরীর প্রথম একক প্রদর্শনী, ‘লাইফ, লাইট অ্যান্ড কেওস’। আগামী শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।
বিচ্ছিন্ন মানুষের মুখ, তাদের অভিব্যক্তি, তাদের অ্যাকশন এবং রি-অ্যাকশন নিয়ে ভিন্নধর্মী গল্পের মাধ্যমে সাজানো হয়েছে প্রদর্শনীটি। নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সময়কে স্থিত করেই জয় তাঁর গল্প বলার চেষ্টা করেন। ক্যামেরার লেন্সে চোখ রেখে তুলে আনেন আমাদের জীবনের বাস্তবতা, অনুভূতি, সুখ-দুঃখ, আনন্দ। তিনি বিশ্বাস করেন, এই ছবি দেখে পরবর্তী প্রজন্মের মানুষেরা জীবনের সুন্দর দিকগুলো তুলে নিয়ে আসার অনুপ্রেরণা পাবে।
৩০টি পৃথক আলোকচিত্র দিয়ে সাজানো এই প্রদর্শনীটিতে জয় মানুষের জীবনের সাদামাটা গল্পগুলো সম্পূর্ণ নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন।
প্রদর্শনীটি চলবে ৬ জুন পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।