আলোকচিত্রে সরদার ফজলুল করিমের যাপিত জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদের তোলা আলোকচিত্র দেখছেন দর্শক। ছবি: সাবিনা ইয়াসমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদের তোলা আলোকচিত্র দেখছেন দর্শক। ছবি: সাবিনা ইয়াসমিন

ছবি তুলতে অনীহা থাকলেও সবার প্রিয় ‘সরদার স্যার’কে বারবার ক্যামেরায় বন্দী করেছেন ইফতেখার ওয়াহিদ। পড়ার ঘরের নিজের মতো করে সময় কাটানো, লাঠিতে ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঘুরে বেড়ানো, জন্মদিনে সুহৃদের ভালোবাসায় সিক্ত হওয়া কিংবা চলতি পথে রিকশাওয়ালার সঙ্গে গল্প জুড়ে দেওয়ার মতো ঘটনাগুলোকে বেশ সুচারুভাবে তুলে এনেছেন আলোকচিত্রী।

সরদার ফজলুল করিমের যাপিত জীবনের এমন সব মুহূর্তের ৪০টি আলোকচিত্র নিয়ে ৯ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ইফতেখার ওয়াহিদের একক আলোকচিত্র প্রদর্শনী ‘এ ফিলোশপারস পোর্ট্রেট’। এটি এই আলোকচিত্রীর ষষ্ঠ একক প্রদর্শনী। শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানসহ বরেণ্য ব্যক্তিরা।

গ্যালারির দেয়ালের অধিকাংশ আলোকচিত্রই সাদা-কালো। শুভ্র চুলের সরদার ফজলুল করিমের মোটা ফ্রেমের চশমা পরে স্মিত হাসিমাখা মুখের ছবিগুলো টানবে সবাইকে। যেমন টানবে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাশে তাঁর দৃপ্ত পদচারণ। পড়ার ঘরে কতশত বইয়ের মাঝে তাঁর বসে থাকাটাও তাঁর জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে দর্শনার্থীকে নিয়ে যাবে তাঁর জীবনাচারে।

প্রদর্শনীতে রয়েছে তাঁর ৮৬তম জন্মদিনের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তও। সুহৃদদের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর মুখশ্রীতে যে তৃপ্তির রেখা ছিল, সেটিও চমৎকারভাবে তুলে ধরেছেন আলোকচিত্রী।
প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যা থাকবে সবার জন্য উন্মুক্ত।