আলোকচিত্রে সুন্দরবন
বিশ্বের সর্ববৃহৎ লোনা পানির অরণ্য সুন্দরবনের ৩০টি দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন কোরীয় আলোকচিত্রী জংসং পল চো। এসবের কোনোটিতে ধরা পড়েছে ঝড়ে বিপর্যস্ত বন, কোনোটিতে আছে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত বন, আছে ঘন অরণ্যও। সাদা-কালো এসব আলোকচিত্রের কোনো কোনোটিতে নান্দনিকভাবে ধরা পড়েছে আলো-ছায়ার খেলা, আবার কোনোটিতে আলোকচিত্রী চমৎকারভাবে বন্দী করেছেন বিভিন্ন গাছের ফাঁক দিয়ে আসা আলোকরশ্মি জ্যামিতিক নকশা। এসব আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। প্রদর্শনীর শিরোনাম ‘সুন্দরবন’। যৌথভাবে এর আয়োজন করে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং ঢাকায় কোরিয়া দূতাবাস।গতকাল শুক্রবার সকালে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম ও বাংলাদেশে কোরিয়া দূতাবাসের সচিব ও কনসাল মিজ সুজেঅং লি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।আলোকচিত্রী অধ্যাপক জংসং পল চো ১৯৭৭ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তাঁর বেশ কয়েকটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। বর্তমানে তিনি কোরিয়ার কিউনগিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওতে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।