আলোকচিত্রে স্বদেশের রূপ
দেয়ালজুড়ে বাংলার প্রকৃতির নিসর্গ। কোথাও সাগরের পাড়ে সূর্যাস্ত; আবার কোথাও পাহাড়ি পথে হাঁটা পথিকের দৃশ্য। কোথাও লজ্জাবতী বানর, কোথাও বা আবার চশমাপরা বানর। পাশাপাশি রয়েছে গ্রামীণ জীবনযাত্রা ও ছিন্নমূল শিশুদের কষ্টের জীবনগাথা।এ সব আলোকচিত্র নিয়ে শুক্রবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো সাত তরুণের যৌথ আলোকচিত্র প্রদর্শনী ‘কালারস্কেপ’। আলোকচিত্রীদের দল ‘রঙ’-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী। অংশগ্রহণকারী সাত তরুণ হলেন—অভিজিত্ বিশ্বাস, জিসু সেন, খালেদুর রহমান, আপন ইমরান, শেখ মেহেমুদ রাচি, শাহেদ হোসেন ও শাকিল চৌধুরী। শৌখিন এসব আলোকচিত্রীর ক্যামেরায় উঠে এসেছে ফসল তোলার দৃশ্য, ছিন্নমূল শিশুদের হাসিমুখ, সাগরে জেলেদের জীবনযাত্রা, পড়ন্ত বিকেলে শিশু-কিশোরদের নৃত্যসহ গ্রামীণ ও শহুরে জীবনের নানা ঘটনা। এ প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।