ঢাকা এখন পরিণত হয়েছে আলোকচিত্রের নগরে। বিশ্বখ্যাত আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী চলছে মহানগরের চিত্রশালাগুলোতে। ‘ছবি মেলা’ নামের উৎসবের এই সপ্তম আয়োজনে বৈচিত্র্যময় ৩৫টি প্রদর্শনীতে বাংলাদেশের সাতজনসহ মোট ২৪টি দেশের ৩৫ জন আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আলিয়ঁস ফ্রঁসেজ, বেঙ্গল গ্যালারি, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায়। শুধু চার দেয়ালের ভেতরেই নয়, রয়েছে সড়কের প্রদর্শনীও। ১০টি ভ্যানে ভ্রাম্যমাণ প্রদর্শনী নগরে ঘুরে ঘুরে মানুষের ছবি দেখানো হচ্ছে। প্রদর্শনীগুলো চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।গতকাল রোববার ছিল ছবি মেলার তৃতীয় দিন। এদিন ছিল ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে মেক্সিকান আলোকচিত্রী গ্রাৎসিয়েলা ইতুরবিদের প্রদর্শনীর উদ্বোধনী। প্রদর্শনীর নাম ‘ন্যাচারটা’। ধানমন্ডির ইএমকে সেন্টারে ছিল আলোচনা। চীনের আলোকচিত্র নিয়ে আলোচনা করেন রবার্ট প্রেজ। রুথ ইখর্ন আলোচনা করেন ‘আর্ট ফটোগ্রাফি অ্যান্ড ইটস ইউজ ইন এ ম্যাগাজিন’ নিয়ে। গ্যেটে ইনস্টিটিউটে আফ্রিকান ফটোগ্রাফির ওপর স্লাইড শো প্রদর্শিত হয়। এতে সঞ্চালক ছিলেন ঘানার নি ওবোদাই এবং নাইজেরিয়ার বিসি সিলভা। এখানে আলোচনা করেন গ্রাৎসিয়েলা ইতুরবিদে।আজ সোমবার বিকেল চারটায় বেঙ্গল গ্যালারিতে ইউজিন রিচার্ডসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনীর নাম ‘ওয়ার ইজ পারসোনাল’।এ ছাড়া আজ বেলা ১১টায় ইএমকে সেন্টারে থাকছে নেপাল পিকচার লাইব্রেরির একটি উপস্থাপনা ও দুপুরে আলোচনায় অংশ নেবেন জিও ম্যাগাজিনের রুথ ইখর্ন, টাইম ম্যাগাজিনের প্যাট্রিক উইটি, গার্ডিয়ান-এর ভেনেটা বুলেন ও শহিদুল আলম।সন্ধ্যা ছয়টায় গ্যেটে ইনস্টিটিউটে ‘টাইম ম্যাগাজিনে ছবি সম্পাদনা’ বিষয়ে বক্তৃতা করবেন প্যাট্রিক উইটি।ছায়ানটে ওয়াহিদুল হক স্মরণগতকাল ২৭ জানুয়ারি ছিল ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস। তাঁকে স্মরণ করতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। সকাল- সন্ধ্যা দুই বেলা ছিল অনুষ্ঠান। ‘সুরের গুরু/ দাও গো সুরের দীক্ষা’ গানটি দিয়ে শুরু হয় প্রভাতি আয়োজন। ঘণ্টা খানেকের অনুষ্ঠানে বৈঠকি আঙ্গিকের গান করেন শিল্পীরা। গানগুলোর মধ্যে ছিল: ‘বাজাও তুমি কবি’, ‘তোর আপন জনে ছাড়বে তোরে’, ‘আমার প্রাণে গভীর গোপন’, ‘অরূপ তোমার বাণী’, ‘জাগ’ জাগ’ রে জাগ’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি’, ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে’, ‘ওই আসনতলের মাটির ‘পরে’, ‘আকাশে আজ কোন্ চরণের’ প্রভৃতি।সন্ধ্যাকালীন আয়োজনে শুরুতেই ছিল সম্মেলক গান। ছায়ানটের শিক্ষার্থীরা সমবেতভাবে শোনান ‘ব্রজে তোমার বাজে বাঁশি’। এরপর ওয়াহিদুল হককে নিবেদিত কথামালায় অংশ নেন প্রতিষ্ঠানের সভাপতি সন্্জীদা খাতুন। কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। স্মৃতিচারণার পাশাপাশি রবীন্দ্রসংগীতশিল্পী ইফ্্ফাত আরা দেওয়ানের সঞ্চালনায় ছিল গানের পরিবেশনা। একক ও দলীয় সংগীত পরিবেশনার পর শোনা যায় ওয়াহিদুল হকের ধারণকৃত কণ্ঠ। মিলনায়তনে ছড়িয়ে পড়ে তাঁর গান ‘আমি সুদূরের পিয়াসী’। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। দলগত শিল্পকলা প্রদর্শনীগুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল শুরু হয়েছে চট্টগ্রামের সন্তরণ আর্ট অর্গানাইজেশনের ‘সময় ও শিল্পের সমীকরণ’ শীর্ষক দলগত শিল্পকলা প্রদর্শনী। ১৭ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন এম এম ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ইস্পাহানী। প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী বিভল সাহা, মঞ্জুর আহমদ, নাসির উদ্দীন, নূর-ই-ইলাহী, শতাব্দী সোম, শহীদুল ইসলাম ও তানজিল ফাতেমা। শিল্পকর্মের সংখ্যা প্রায় ৩০টি। প্রদর্শনী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।কামাল চৌধুরীর জন্মবার্ষিকী ও গ্রন্থ প্রকাশনা কবি কামাল চৌধুরীর আজ ৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল শিল্প কবির বন্ধু, সুহূদ, শিল্পী ও লেখকদের এক প্রীতিসম্মিলনীর আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত কামাল চৌধুরীর মুক্তি ও স্বাধীনতার কবিতা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।