আলোকিত নগরীর গুণীজন সংবর্ধনা
আন্তর্জাতিক গবেষণা ও পাঠাগার প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি অব কলকাতা গত ৭ মে বাংলাদেশের তিনজন বরেণ্য ব্যক্তিত্বকে স্বর্ণপদক প্রদান করে। শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণপদক এবং সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক প্রদান করা হয়। ‘আলোকিত নগরী’র আয়োজনে তাঁদের সম্মানে গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে ‘প্রাণের মেলা’ শীর্ষক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক অধ্যাপক আ ফ ম সালাহ্উদ্দিন আহমেদ এবং শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সংবর্ধিত ব্যক্তিত্বের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন ও আতিউর রহমান। ব্যক্তিগত সমস্যার কারণে আনিসুজ্জামান অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। শিল্পী নন্দিতা ইয়াসমীনের গাওয়া ‘হূদয় নন্দন বনে...’ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিজ্ঞপ্তি।